সেরেনার ম্যান্ডেলা-বন্দনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেলসন ম্যান্ডেলা ও সেরেনা উইলিয়ামস
নেলসন ম্যান্ডেলা ও সেরেনা উইলিয়ামস

নেলসন ম্যান্ডেলার সুস্থতা কামনা করে প্রার্থনা করছে পুরো বিশ্বই। বাদ নেই টেনিস খেলোয়াড়েরাও। উইম্বলডনে খেলতে লন্ডনে জড়ো হওয়া আর সব প্রতিদ্বন্দ্বীর সঙ্গে মিলে ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানালেন সেরেনা উইলিয়ামসও। বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা ম্যান্ডেলাকে নতশিরে শ্রদ্ধা জানিয়ে সেরেনা বললেন, তাঁর জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি হলো ম্যান্ডেলার সঙ্গে দেখা করা।

ফুসফুসের সংক্রমণ নিয়ে প্রিটোরিয়ারের এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার প্রথম এই কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতিকে ‘বিস্ময়কর’ মানুষ হিসেবে আখ্যায়িত করে সেরেনা বলছেন, মানুষ হিসেবে তাঁর প্রতিটা কথা থেকেই শেখার আছে, ‘আমি মনে করি সত্যিই এটা প্রত্যেকের জন্যই বাজে সময়। নেলসন ম্যান্ডেলার জীবন সত্যিই বিস্ময়কর। তাঁর সঙ্গে দেখা করাটা সম্ভবত আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। এবং এটা হবে (ম্যান্ডেলাকে হারানো) অপূরণীয় এক ক্ষতি।’

সেরেনা সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে যান গত বছর। সেখান থেকে ফিরেই ম্যান্ডেলার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম পড়তে শুরু করে দিয়েছেন ১৬টি গ্র্যান্ড স্লামজয়ী তারকা। সেই অভিজ্ঞতা থেকে বলছেন, ‘তাঁর দারুণ একটা গল্প আছে। আমি মনে করি, জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে প্রত্যেকেই তাঁর আলোকিত জীবন থেকে শিখতে পারে।’

উইম্বলডনে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামা সেরেনা ম্যান্ডেলাকে নিয়ে আরও বলেছেন, ‘তিনি যা করেছেন তার সবকিছুই আমাদের জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। একজন মানুষ দীর্ঘদিন কারাভোগ করলেন, অথচ পরে ক্ষমা করে দিলেন। এমন উন্মুক্ত হূদয়, উন্মুক্ত চেতনা, বিশুদ্ধ মনের মানুষের কথা শোনাই যায় না। এটা বিরল। আমি মনে করি, একজন মানুষ হিসেবে তাঁর সাহস, তাঁর বিশ্বাস এমনকি নেলসন ম্যান্ডেলার সবকিছু থেকেই শেখার আছে।’ এএফপি।