সেরেনার রেকর্ড ‘ছয়’
প্রথম সেট ৬-৪-এ জয়ের পর দ্বিতীয় সেটেও ৩-২-তে এগিয়ে। সেরেনা-জুজু কাটিয়ে শারাপোভা তাহলে প্রথমবারের মতো হাতে তুলতে যাচ্ছেন মায়ামি মাস্টার্সের শিরোপা। সবাই হয়তো ভাবছিলেন এমনটাই। কিন্তু কী বিস্ময়করভাবেই না ঘুরে দাঁড়িয়ে সেই বিশ্বাসকে মিথ্যা করে দিলেন সেরেনা!শারাপোভাকে ঠিক সেই জায়গায় স্থির রেখে সেরেনা জিতলেন পরের ১০টি গেমই! শেষ পর্যন্ত ৪-৬, ৬-৩, ৬-০-তে ম্যাচ জিতে উঁচিয়ে ধরলেন মায়ামি মাস্টার্সের ষষ্ঠ শিরোপা। সব মিলিয়ে ওপেন যুগে চতুর্থ মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে একই টুর্নামেন্টের ষষ্ঠ শিরোপা জিতলেন সেরেনা। একই টুর্নামেন্টে ছয়টি করে শিরোপা জয়ের কীর্তি আর আছে শুধু স্টেফি গ্রাফ, ক্রিস এভার্ট ও মার্টিনা নাভ্রাতিলোভার। ক্যারিয়ারের ৪৮তম শিরোপা জিতে সেরেনা রেকর্ড গড়েছেন আরও একটি। মায়ামি মাস্টার্সে মেয়েদের বিভাগে সবচেয়ে বেশি বয়সী শিরোপাজয়ী এখন তিনিই। সবচেয়ে বেশি বয়সে জয়ের রেকর্ডটি আগে ছিল ক্রিস এভার্টের। ১৯৮৬ সালে তিনি শিরোপা জিতেছিলেন ৩১ বছর ২ মাস বয়সে। পরশু সেরেনার বয়স ছিল ৩১ বছর ৬ মাস ৪ দিন।উল্টো দিকে শারাপোভা মায়ামির ফাইনালে হারলেন পঞ্চমবারের মতো। আর সেরেনার কাছে এটা তাঁর টানা ১১তম হার! মুখোমুখি সাক্ষাতে সেরেনা এগিয়ে গেলেন ১২-২ ব্যবধানে। সেরেনার বিপক্ষে শারাপোভার দুটি জয়ই ছিল ২০০৪ সালে। মাত্র ১৭ বছর বয়সেই উইম্বলডনের ফাইনালে সেরেনাকে হারিয়ে হইচই ফেলে দেওয়ার পর শারাপোভা জিতেছিলেন লস অ্যাঞ্জেলেসের ফাইনালেও। ২০০৮ সালে চালর্সটন ওপেনের পর এই প্রথম সেরেনার বিপক্ষে প্রথম সেটটি জেতেন রুশ তারকা।মজার ব্যাপার হলো, সেরেনা তো খুশিই, নিজের পারফরম্যান্সে খুশি শারাপোভাও। ‘সত্যিই এটা ছিল দারুণ এক ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত আমি হতাশ। তবে সেরেনা সত্যিই দারুণ খেলেছে। আমি নিশ্চিত এই বছর আমরা আরও কয়েকবার মুখোমুখি হব’—বলেছেন শারাপোভা। একে অন্যকে পিঠ চাপড়ে দিয়ে দুজনেই দৃষ্টি ফেরাচ্ছেন আগামী মাসের ফ্রেঞ্চ ওপেনের দিকে। এএফপি।