সেরেনার শিরোপা, ফাইনালে ফেদেরার

অকল্যান্ড ক্লাসিক ও ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনাল দুটো হলো ঘণ্টা দুয়েক আগে-পরে। অকল্যান্ডে বড় বোন ভেনাসের হারের সংবাদটি হয়তো শুনেই কোর্টে নেমেছিলেন সেরেনা উইলিয়ামস। বোনের হারের হতাশা ঢাকার প্রতিজ্ঞাও কি করেছিলেন? সেটা হলে, সেরেনা তাঁর প্রতিজ্ঞা ঠিকই পূরণ করেছেন। ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে জিতেছেন ব্রিসবেন ইন্টারন্যাশনালে টানা দ্বিতীয় শিরোপা।
অকল্যান্ডে ভেনাসকে হারিয়ে শিরোপা জিতেছেন আনা ইভানোভিচ। ২০১১ সালের পর সার্বিয়ান তারকার এটাই প্রথম শিরোপা। দুই সাবেক এক নম্বরের লড়াইয়ে ২৬ বছর বয়সী ইভানোভিচ জিতেছেন ৬-২, ৫-৭, ৬-৪ গেমে। ব্রিসবেনে এক আর দুই নম্বরের লড়াইটাও ছিল উত্তেজনাপূর্ণ। যদিও সেরেনার জয়টা সরাসরি সেটে—৬-৪, ৭-৫ গেমে। অর্জনের খাতায় ব্রিসবেনের এই শিরোপাটা হয়তো তেমন বড় সংযোজন নয়। তবে সেমিফাইনালে চার নম্বর মারিয়া শারাপোভা এবং ফাইনালে দুই নম্বর আজারেঙ্কাকে হারিয়ে সেরেনা প্রমাণ করলেন অস্ট্রেলিয়ান ওপেনে তিনিই ফেবারিট।
সেরেনার জন্য যেটা ছিল নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ, সেই ব্রিসবেন ইন্টারন্যাশনাল রজার ফেদেরারের জন্য নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ। সেই লক্ষ্যে ফেদেরারও এখন পর্যন্ত সফল। কাল ফ্রান্সের জেরেমি শার্দিকে হারিয়ে ফাইনালে উঠেছেন ফেদেরার। এক ঘণ্টা ৫৭ মিনিটের লড়াইয়ে ফেদেরারের জয় ৬-৩, ৬-৭ (৩/৭), ৬-৩ গেমে। আজ ফাইনালে সুইস তারকা বন্ধু লেটন হিউইটের মুখোমুখি হবেন। অন্য সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সাবেক এক নম্বর তারকা ঘটিয়েছেন ছোটখাটো অঘটন। দ্বিতীয় বাছাই জাপানের কেই নিশিকোরিকে হারিয়েছেন ৫-৭, ৬-৪, ৬-৩ গেমে। এএফপি।
ম্যাচ শেষে ফাইনালের প্রতিপক্ষের নাম শুনেই ফেদেরার ফিরে গেলেন অতীতে। দুজনের বয়সই প্রায় সমান। ফেদেরার বললেন, ‘আমরা যদি ১৭ বছর আগে ফিরে যাই, আমাদের কোচরাও ছিলেন সবচেয়ে ভালো বন্ধু। অস্ট্রেলিয়ায় তার বিপক্ষে খেলার সুযোগ পাওয়াটা বিস্ময়কর। ক্যারিয়ারের শুরুর দিকে তার বিপক্ষে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে।’ ফ্রান্সের গায়েল মনফিলসকে ৬-১, ৬-৭ (৫/৭), ৬-২ গেমে হারিয়ে কাতার ওপেনের শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল।