সেরেনার সোনালি গ্রীষ্ম
ধারাভাষ্যকার যখন বলছেন ‘সেরেনা ইজ ওভার দ্য মুন’, সেরেনা আসলে তখন মাটিতে শুয়ে। দুই হাতে ঢেকে আছেন মুখ, এমন ভঙ্গি করছেন যেন বিশ্বাস হচ্ছে না তাঁর নিজেরই। খানিকপর শুরু করলেন বাচ্চা মেয়ের মতো লাফালাফি, থামছিলেনই না! কে বলবে, এটা তাঁর চতুর্থ ইউএস ওপেন শিরোপা, সব মিলিয়ে ১৫ নম্বর গ্র্যান্ড স্লাম!বাঁধনহারা এই উদ্যাপন আসলে সেরেনার মনে তীব্র রোমাঞ্চেরই প্রতিফলন। সোনালি এক গ্রীষ্মের স্মরণীয় সমাপ্তির রোমাঞ্চ! অথচ একদম তলানিতে গিয়ে ঠেকেছিলেন গত ফ্রেঞ্চ ওপেনে। ক্যারিয়ারে প্রথম হেরেছিলেন কোনো গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে। কিন্তু শীতের পাতাঝরার মতোই যেন ঝরে গেল দুঃসময়। নতুন প্রাণের বারতা নিয়ে এল বসন্ত আর গ্রীষ্ম। উইম্বলডন জিতে শুরু সেরেনার সোনালি গ্রীষ্মের, এরপর লন্ডন অলিম্পিকে সোনা জিতলেন একক ও দ্বৈতে। উপচে পড়া ট্রফিকেসে পরশু যোগ হলো আরেকটি ট্রফি। র্যাঙ্কিংয়ে ১ নম্বর ভিক্টোরিয়া আজারেঙ্কাকে ৬-২, ২-৬, ৭-৫ গেমে হারিয়ে জিতলেন ইউএস ওপেন।বহু আলোচিত ‘সেরেনা স্লাম’-এর পর এই প্রথম টানা দুটি গ্র্যান্ড স্লাম জিতলেন সেরেনা। ২০০২ সালের ফ্রেঞ্চ ওপেন থেকে ২০০৩ অস্ট্রেলিয়ান ওপেন পর্যন্ত টানা চার গ্র্যান্ড স্লাম জয়কে সেরেনা নিজেই নাম দিয়েছিলেন ‘সেরেনা স্লাম’। বছরে একাধিক গ্র্যান্ড স্লাম জিতলেন গত চার বছরে তিনবার! সেরেনাই সর্বকালের সেরা কি না, সেই প্রশ্নের মীমাংসাও যেন আস্তে আস্তে হয়ে যাচ্ছে। ছেলেদের গ্রেট জন ম্যাকেনরো বেশ কিছুদিন আগেই সেরেনাকে মেয়েদের টেনিসে ‘সর্বকালের সেরা’ বলে দিয়েছিলেন। পরশু হারের পর আজারেঙ্কা কী বলেছেন শুনুন, ‘জয়টা সেরেনারই প্রাপ্য, ও দেখিয়েছে যে ও সত্যিকারের এক চ্যাম্পিয়ন। আমি অবশ্যই আজ (পরশু) নিজেকে উজাড় করে দিয়েছি। কোর্ট ছাড়ার পর আমার কোনো আক্ষেপ থাকবে না। আমার কাছেই সেরেনাই সর্বকালের সেরা। খেলাটাকে পরবর্তী ধাপে নিয়ে গেছে ও।’পরিসংখ্যান এখনো কিছুটা পিছিয়েই রাখছে সেরেনাকে। উন্মুক্ত যুগে মেয়েদের টেনিসে বেশি গ্র্যান্ড স্লাম এককজয়ী স্টেফি গ্রাফের শিরোপা ২২টি, ১৮টি করে ক্রিস এভার্ট ও মার্টিনা নাভ্রাতিলোভার। দুই যুগ মিলিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপা মার্গারেট কোর্টের—২৪টি। কিন্তু গ্রেটনেসের পরিমাপক তো শুধু পরিসংখ্যান নয়। আজারেঙ্কা যেমন বললেন, খেলাটাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষমতা। সত্যিকারের চ্যাম্পিয়ন সম্পর্কে সেরেনার নিজের দর্শনটাও এখানে বড় একটা যুক্তি হতে পারে তাঁর পক্ষে। ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডের সেই পরাজয়ের প্রসঙ্গ উঠতেই বললেন, ‘এতটা দুর্বিষহ পরিস্থিতি আমার আগে কোনো হারের পর হয়নি। একটু আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেছিলাম। তবে আবার গুছিয়ে উঠেছি। আমি সত্যিই বিশ্বাস করি, একজন চ্যাম্পিয়নকে জয়ের সংখ্যা দিয়ে মাপা যায় না। মাপতে হয় পতনের পর কত দ্রুত গুছিয়ে উঠতে পারে, সেটা দিয়ে। আমার পতন বেশ কবারই হয়েছে। তবে প্রতিবারই উঠে দাঁড়িয়েছি, গায়ের ধুলো ঝেড়ে নিজের কাঙ্ক্ষিত মানদণ্ডটা ছুঁতে চেয়েছি। দারুণ লাগছে যে আমি সেটা করতে পেরেছি।’এবারের ঘুরে দাঁড়ানোটা সত্যিই অবিস্মরণীয়। চোট যেন পিছুই ছাড়ছিল না তাঁর। ডান পায়ের দীর্ঘদিনের চোট সারতে না-সারতেই রেস্তোরাঁয় পা কেটে ফেললেন ভাঙা কাচে। এরপর হঠাৎই শ্বাসকষ্ট, ধরা পড়ল ফুসফুসে জমাট বেঁধেছে রক্ত! সঙ্গে যোগ হয়েছিল বিষণ্নতা, টেনিসটা যেন উপভোগই করতে পারছিলেন না। সব মিলিয়ে যখন শোনা যাচ্ছে ক্যারিয়ার শেষের ডাক, তখনই আবার ঘুরে দাঁড়ালেন। ফ্রেঞ্চ ওপেনের বিব্রতকর পরাজয় জেদটা আরও বাড়িয়ে দিয়েছিল। সেই জেদেরই ফল এই ‘সোনালি গ্রীষ্ম।’পরশু প্রথম সেটে মাত্র ৩৬ মিনিটে উড়িয়ে দিয়েছিলেন আজারেঙ্কাকে। পরের সেটেই দাপটে ফিরলেন বেলারুশের তারকা, ১৭ বছর পর ইউএস ওপেনের মেয়েদের ফাইনাল গেল তৃতীয় সেটে। একটু যেন নার্ভাসও মনে হলো সেরেনাকে। কিন্তু ঠিকই নিজেকে সামলে নিলেন। শেষ সেটে ৫-৪-এ এগিয়ে থেকে সার্ভ পেয়েছিলেন আজারেঙ্কা, কিন্তু ওই অবস্থা থেকেও ম্যাচ বের করে নিয়েছেন সেরেনা। পেলেন আজারেঙ্কার কাছ থেকে স্বীকৃতিও, ‘সার্ভ অবশ্যই ওর সবচেয়ে বড় সম্পদ। তবে মানসিকভাবেও ওর চেয়ে শক্ত খেলোয়াড় আর নেই। কখনোই হাল ছাড়ে না। আর শারীরিক সামর্থ্য তো আছেই!’৩১ বছর পূর্ণ করবেন ২৬ সেপ্টেম্বর। তবে ওই উদ্যাপনই বলছিল, খেলাটা কতটা উপভোগ করছেন এখনো। উচ্ছ্বাসটা উঠে এল কণ্ঠেও, তাঁর ঘোষণা যেন প্রতিদ্বন্দ্বীদের জন্য সতর্কবার্তাও, ‘যদিও বয়স ৩০ হয়ে গেছে, কিন্তু এতটা চনমনে ও ফিট, এতটা রোমাঞ্চিত ও ক্ষুধার্ত আমি কখনোই বোধ করিনি। এই জয়ের পর এখানে বসেও আমি পরের গ্র্যান্ড স্লামে কী করব ভেবে রোমাঞ্চিত!’এই ক্ষুধাটা যদি ধরে রাখতে পারেন, সর্বকালের সেরা হওয়ার পথে পরিসংখ্যানের যে বাধাটুকু আছে, সেটাও হয়তো এক দিন মুছে যাবে! এএফপি, রয়টার্স।