সেরেনার ৩০০তম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবারে শুরু, পরের রোববার বিরতি, সপ্তাহ খানেক পর আরেক রোববারে সমাপ্তি। বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম উইম্বলডন সচরাচর এই সূচিই মেনে চলে। এবার বৃষ্টিতে ছন্দপতন হলো ধারায়। বিপর্যস্ত সূচি সামাল দিতে কাল মাঝের রোববারেও ম্যাচ হলো উইম্বলডনে। ২০০৪ সালের পর মাঝের রোববারে আয়োজিত প্রথম খেলার দিনে গ্র্যান্ড স্লামে ৩০০তম ম্যাচ জয়ের মাইলফলক ছুঁলেন সেরেনা উইলিয়ামস। মেয়েদের টেনিসের ১ নম্বর খেলোয়াড় মাইলফলকের ম্যাচে জার্মানির আনিকা বেককে ৬-৩, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে উঠলেন চতুর্থ রাউন্ডে।
আড়াই বছর পর গ্র্যান্ড স্লামে ফিরেই স্তানিস্লাস ভাভরিঙ্কাকে হারিয়ে হইচই ফেলে দেওয়া হুয়ান মার্টিন দেল পোত্রো কাল হেরে গেছেন। তৃতীয় রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার দেল পোত্রো হেরেছেন ৩২তম বাছাই ফরাসি লুকাস পুলির কাছে।
পুলির মতো শেষ ষোলো নিশ্চিত করেছেন আরেক ফরাসি জো-উইলফ্রেড সোঙ্গাও। যুক্তরাষ্ট্রের ‘ম্যারাথন ম্যান’ জন ইসনারকে আরেকটি ম্যারাথন ম্যাচে ৬-৭ (৩/৭), ৩-৬, ৭-৬ (৭/৫), ৬-২, ১৯-১৭ গেমে হারিয়েছেন সোঙ্গা। শেষ সেটের নিষ্পত্তি হতেই সময় লেগেছে দুই ঘণ্টার বেশি। এএফপি।