সেরেনার ৪৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্ভ করতে গিয়েছিলেন ইয়েলেনা ইয়াঙ্কোভিচ। মাঝপথেই তাঁকে থামিয়ে দেন সেরেনা উইলিয়ামস। সেরেনা দাবি করেছেন, সে সময় তিনি প্রস্তুত ছিলেন না। এটা নিয়ে দুজনের মধ্যে একপশলা বাগিবতণ্ডাও হয়ে যায়। ইয়াঙ্কোভিচ লাইন আম্পায়ারের কাছে সঙ্গে সঙ্গেই নালিশ জানান। তাঁর কথা, সেরেনা এমনভাবে খেলা থামিয়ে দিতে পারেন না। গত পরশু চার্লসটনে ফ্যামিলি সার্কেল কাপের ফাইনালেই ঘটেছে এই তিক্ত ঘটনা। সেরেনার জয়রথ এতেও থামেনি। প্রথম সেট হেরে গিয়েও ঘুরে দাঁড়ান দারুণভাবে। ৩-৬, ৬-০, ৬-২ গেমে জিতে নেন ম্যাচ। বছরের তৃতীয় শিরোপা এটি তাঁর। আর ক্যারিয়ারে সব মিলিয়ে একক শিরোপা হয়ে গেল ৪৯টি। ম্যাচটা হয়েছিল মাটির কোর্টে। তবে লাল নয়, মাটির রং ছিল সবুজ। সামনের মাসেই ফ্রেঞ্চ ওপেন। এর আগে প্রস্তুতিটাও ভালোই সেরে রাখলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। ডব্লুটিএ টুর্নামেন্টগুলোয় মাটির কোর্টে টানা ২২টি জয়ও তুলে নিলেন, আর চার্লসটনে ম্যাচ জিতলেন টানা ১৫টি। গতবারও এই টুর্নামেন্টে শেষ হাসি হেসেছিলেন সেরেনাই। তবে জয় ছাপিয়ে ম্যাচ শেষে সেরেনাকে কথা বলতে হয়েছে অনাকাঙ্ক্ষিত ওই বিতর্ক নিয়ে। মজার ব্যাপার, দ্বিতীয় সেটের শুরুতে সেই ঘটনাই যেন তাতিয়ে দেয় সেরেনাকে। এরপর ১৪টি গেমের মাত্র দুটিতে হেরেছেন। সেরেনা আত্মপক্ষ সমর্থনই করেছেন, ‘প্রতিপক্ষকে ভেনাস (উইলিয়ামস) ছাড়া আর কেউ আমার মতো সম্মান দেখায় না। আমি সব সময়ই এটা করে আসছি।’ এএফপি।