সেরেনার ‘স্বপ্ন ২০১৩’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ ছিল সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভার জন্য স্মরণীয় বছর। গত বছর ছিল ‘ফিফথ গ্র্যান্ড স্লাম’ অর্থাৎ অলিম্পিকেরও বছর। সেই হিসাবে পাঁচের শেষ তিনটি গ্র্যান্ড স্লামই জিতেছেন সেরেনা। শারাপোভা অবশ্য মাত্র একটাই গ্র্যান্ড স্লাম জিতেছেন। কিন্তু সেটাও তাঁকে ঠাঁই করে দিয়েছে ইতিহাসের পাতায়। টেনিসের এই দুই তারকাই এখন উন্মুখ হয়ে থাকিয়ে আছেন ২০১৩ সালের দিকে।উইম্বলডনের পর একই ভেন্যুতে জিতেছেন অলিম্পিক সোনা। এর পর ইউএস ওপেন। সেরেনাকে যারা বাতিলের খাতায় ফেলে দিয়েছিল, তাদের জন্যই যেন নতুন বার্তা দিয়েছেন। ৩১ বছর বয়সেও উইলিয়ামস বোনদের পতাকা বয়ে নিতে তিনি প্রস্তুত। পরশু ব্রিসবেন ইন্টারন্যাশনালের প্রথম রাউন্ডে স্বদেশি বারবারা লেপচেঙ্কোকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে নতুন মৌসুমের শুরুটাও করেছেন দুর্দান্ত। এর পর সেরেনা বার্তা দিয়েছেন, ২০১৩ সালের চারটি গ্র্যান্ড স্লামই তাঁর চাই। এক বছরে চারটি গ্র্যান্ড স্লাম জেতাকে বলে ‘দ্য গ্র্যান্ড স্লাম’। যে কীর্তি মেয়েদের মধ্যে আছে মাত্র তিনজনের—সেই ১৯৫৩ সালে জিতেছিলেন মরিন কনোলি ব্রিঙ্কার। ওপেন যুগে ১৯৭০ সালে মার্গারেট কোর্ট, সর্বশেষ ১৯৯৮-তে স্টেফি গ্রাফ। ২০১৩ সালে সেই কীর্তি গড়ে ইতিহাস গড়তে চান সেরেনা।শারাপোভার একটি রেকর্ড অবশ্য গত বছরেই হয়ে গেছে। চার বছর পর গ্র্যান্ড স্লাম শিরোপার স্বাদ পেয়েছেন। সবচেয়ে বড় কথা এ বছর পূর্ণ হয়েছে তাঁর ক্যারিয়ার স্লাম। আগে উইম্বলডন, ইউএস ওপেন এবং অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। বাকি ছিল ফ্রেঞ্চ ওপেন। সেটাও জিতেছেন ২০১২ সালে। ওপেন যুগে চারটিই গ্র্যান্ড স্লাম জেতার কীর্তি আছে মাত্র চার পুরুষ এবং ছয় নারী খেলোয়াড়ের। সেই সংক্ষিপ্ত তালিকায় আছেন শারাপোভাও। গত বছর রাশিয়ার প্রথম মহিলা অ্যাথলেট হিসেবে অলিম্পিকে বয়েছেন দেশটির পতাকাও। শারাপোভা তাই বলছেন, ২০১২ সালটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয়, ‘একসঙ্গে অনেক কিছুই এসেছে। অলিম্পিকের অভিজ্ঞতা কখনোই ভুলব না। কারণ, এটা ছিল আমার প্রথম অলিম্পিক। রাশিয়ার প্রথম মহিলা অ্যাথলেট হিসেবে অলিম্পিকে দেশের পতাকা বহনও করেছি, এটা ছিল খুবই আবেগের। অবিশ্বাস্য অভিজ্ঞতা।’ রয়টার্স, ওয়েবসাইট।