সেলটিককে ভিলানোভার সমীহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা পাওয়ার হাউসতো বটেই। তারকায় ঠাসা এই দলটির কাছে কোনো প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়াই ব্যর্থতা। শিরোপার মুকুট ছাড়া যাদের কাছে প্রত্যাশিত নয় আর কিছু, তাদের সঙ্গে স্কটিশ ক্লাব সেলটিকের লড়াইটা শাপে-নেউলে নয় মোটেও। কিন্তু তার পরও কাতালান কোচ আজ রাতের এই ম্যাচটিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, সেলটিকের বিপক্ষে খেলতে নামার আগে বার্সেলোনার খেলোয়াড়েরা যথেষ্ট সিরিয়াস। সেলটিককে ছোট করে দেখার কিছুই নেই।এবারের চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার শুরুটা মন্দ হয়নি। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’ তে যথারীতি শীর্ষ স্থানেই আছে তারা। স্কটিশ ক্লাব সেলটিক অবশ্য বার্সেলোনার চেয়ে খুব একটা পিছিয়ে নেই। দুই ম্যাচে তাদের সংগ্রহ চার পয়েন্ট। আজকের ম্যাচে একটু এদিক-ওদিক হয়ে গেলেই গ্রুপে বার্সেলোনাকে চোখ রাঙাবে তারা।সত্যিকারের পেশাদারের মতোই কোচ টিটো ভিলানোভা এই ম্যাচকে গুরুত্বের সঙ্গেই নিয়েছেন। মোটের ওপর খেলাটা হচ্ছে নিজেদের মাঠেই। ক্যাম্প ন্যুতে স্কটল্যান্ডের এই ক্লাবটির বিপক্ষে জিতে নিজেদের অবস্থান সুসংহত করেই রাখতে চায় তারা। ভিলানোভার মতে, প্রতিটি হোম গেমই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জিতে যাওয়া মানে পরের পর্বে নিজেদের সুবিধাজনক অবস্থানে নিয়ে যাওয়া।প্রতিপক্ষ সেলটিক সম্পর্কে তিনি বলেন, এই দলটি নিজেদের মাঠে বেনফিকার সঙ্গে ড্র করেছে; স্পার্তাক মস্কোকে হারিয়েছে। এই দুটি খেলার ফলাফলই জানিয়ে দিচ্ছে, হালকাভাবে নেওয়ার মতো দল তারা নয়।সেলটিক সম্পর্কে ভিলানোভা আরও বলেন, খুব সম্ভবত এই সেলটিককে অনেকেই গুরুত্বের সঙ্গে নিতে চায়নি। কিন্তু অতীতে দেখা গেছে, প্রথমদিকে হালকাভাবে নেওয়া অনেক দলই পরবর্তী সময় বিপজ্জনক হয়ে ওঠে। এই দলটির কাউন্টার অ্যাটাকগুলো খুবই বিপজ্জনক এবং দ্রুতগতির। বার্সেলোনা এই দলটিকে হালকাভাবে নিয়ে নিজেদের বিপদের কারণ ঘটাতে চায় না।সেলটিকের যে ব্যাপারটি ভিলানোভাকে ভাবাচ্ছে তা হলো, এই দলের খেলোয়াড়দের উচ্চতা। বার্সেলোনার বিশ্বখ্যাত সব খর্বাকৃতির খেলোয়াড় প্রতিভায় দারুণ হলেও সেটপিসে নিজেদের দুর্বলতা বারবারই প্রকাশ করেছেন। সেলটিকের খেলোয়াড়েরা যে এই একটি জায়গাতেই বার্সেলোনার চেয়ে এগিয়ে থাকবে, এ কথা অস্বীকার করেননি কাতালান কোচ। ভিলানোভা বলেন, দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে স্বস্তিতে থাকার কিছু নেই। এখনো গ্রুপে চারটি খেলা বাকি। যেকোনো কিছুই ঘটে যেতে পারে। তবে আজকের ম্যাচে সামনে আসা সুযোগগুলো কাজে লাগানোর ওপরই যে নির্ভর করছে সাফল্য, সে কথা বোঝে, মানে বার্সার সব খেলোয়াড়ই। রয়টার্স।