১০০ মিটার বাটারফ্লাইয়ে মেডেল জয়ের আশা তাঁর নেই, স্বপ্ন শুধু পুলে নিজের সেরাটুকু ঢেলে দেওয়ার। তবে সিরিয়ান সাঁতারু রামি আনিসের আরেকটি স্বপ্ন আছে—সেলফি তুলতে চান মাইকেল ফেল্প্সের সঙ্গে। সিরিয়ান হলেও অলিম্পিকে ২৫ বছর বয়সী সাঁতারু যাচ্ছেন শরণার্থী দলের হয়ে। দেশের পতাকাতলে না হোক, প্রথম অলিম্পিকের স্বপ্ন তো পূরণ হচ্ছে। অন্য স্বপ্নটি পূরণ হবে? ২০০৯ ও ২০১১ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও গিয়েছিলেন আনিস, সেগুলোর কোনো একটিতেই ফেল্প্সের সঙ্গে ছবিও তুলতে চেয়েছিলেন। কিন্তু সর্বকালের সেরা সাঁতারু সেবার ‘না’ করে দিয়েছিলেন।
হতাশায় মুষড়ে পড়লেও হাল ছাড়েননি আনিস। তাঁর কোচ কারিন ভারবাউয়েনই জানিয়েছেন, ‘রামি সত্যি সত্যিই ফেল্প্সের সঙ্গে দেখা করতে চায়। এর আগেও একবার চেষ্টা করেছিল। অনেক কষ্ট পেয়েছিল সেবার। আমি ওকে বুঝিয়েছি, কোনো একদিন ওকে ফেল্প্সের সঙ্গে দেখা করার ও ছবি তোলার ব্যবস্থা করে দেব।’ এএফপি।