সেলফি মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকাখ্যাতির উল্টো দিকটা অনেকবারই দেখেছেন। স্বভাবসুলভ হাসিমুখে সেটা সব সময় মেনেও নিয়েছেন রোনালদিনহো। তবে গত পরশুর অভিজ্ঞতাটা সাবেক ব্রাজিল ফরোয়ার্ডের জন্য একটু অভিনবই। মায়ের জন্মদিন পালন করতে পোর্তো আলেগ্রে যাচ্ছিলেন মাত্র কদিন আগেই ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি বাতিল করা রোনি। পথেই ঘটল দুর্ঘটনা—তাঁর গাড়িটি পড়ে গেল রাস্তার পাশের ডোবায়। তবে আঘাত পাননি ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। ঘটনাটা এখানেই শেষ হলে কথা ছিল। রোনিকে দেখে এক ভক্ত এগিয়ে এলেন। কোথায় সাহায্য করবেন তা না, ওই ভক্তের মনে হলো এটাই সেলফি তোলার যথার্থ সময়! আবদার নিয়ে হাজিরও হয়ে গেলেন। রোনালদিনহো আবদার রাখলেন, তবে ছবি যেটা উঠল সেটি আবার ভক্তের পছন্দ হলো না। হবে কী করে! সদা হাস্য রোনির মুখখানা যে একেবারে পাণ্ডুর! পরে অবশ্য আরেকটি ছবি তুললেন, যেটিতে একটু হাসিমুখই দেখা গেছে রোনালদিনহোর। ইনডিপেনডেন্ট।