সোনিয়ার রেকর্ডের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রনিক স্কোর বোর্ড নেই। গোপালগঞ্জে চলমান আরএমএম গ্রুপ জাতীয় সাঁতারে হ্যান্ড টাইমিংই ভরসা। সেই হ্যান্ডটাইমিংয়ে হচ্ছে দেদার নতুন জাতীয় রেকর্ড। পরশু প্রথম দিনে দশ ইভেন্টে রেকর্ড হয়েছে তিনটি। কাল দ্বিতীয় দিনের দশ ইভেন্টে রেকর্ড সাতটিতেই।
রেকর্ডের খেলায় অগ্রণী নাম সোনিয়া আক্তার (টুম্পা)। নৌবাহিনীর এই সাঁতারু প্রথম দিনে একটি নতুন রেকর্ড করেছিলেন। কাল নিজের তিন ইভেন্টেই সোনা জিতেছেন নতুন রেকর্ড গড়ে। ১০০ মিটার বাটারফ্লাইয়ে সময় নেন ১ মিনিট ১০.০৪ সেকেন্ড। ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ২ মিনিট ৪৪.৯৮ সেকেন্ডে। নাজমা, মাহফুজা ও লিমাকে সঙ্গী করে ৪X১০০ মিটার ফ্রি স্টাইলে ৪ মিনিট ৩০.৩২ সেকেন্ড।
ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলে ২৪.০২ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়ে সোনা জিতেছেন নৌবাহিনীর মাহফিজুর রহমান (সাগর)। মাহফিজুর পরে ৪X১০০ মিটার ফ্রি স্টাইলে রেকর্ড গড়েছেন আসিফ, অনিক ও শরীফুলকে সঙ্গী করে। সময় ৩ মিনিট ৪০.৫২ সেকেন্ড। মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে একই দলের নাজমা খাতুন গড়েছেন নতুন রেকর্ড (২৯.৮২ সেকেন্ড)। ১ মিনিট ১৯.৫৪ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের সোনা মাহফুজা খাতুনের (শিলার), এটিও রেকর্ড।
দ্বিতীয় দিন শেষে ১৪ সোনা, ৭ রুপা ও ৬ ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার শীর্ষে নৌবাহিনী।