সৈকতে দৌড়াবেন বোল্ট
১০০ ও ২০০ মিটারের অবিসংবাদিত সম্রাট তিনি। কিন্তু ১৫০ মিটার নামের একটা দৌড়েও যে উসাইন বোল্ট অংশ নিয়েছিলেন সেটা বোধ হয় অনেকেই জানেন না। ২০০৯ সালে ম্যানচেস্টারে ১৫০ মিটারে দৌড়েছিলেন। সেখানে গড়া ১৪.৩৫ সেকেন্ড এই ইভেন্টের বিশ্ব রেকর্ডও। রেকর্ডটাকে আবার ভাঙার সুযোগ পাচ্ছেন। আগামীকাল ব্রাজিলের সাও পাওলোতে কোপাকাবানা বিচে দৌড়াবেন সর্বকালের দ্রুততম মানব। এখানে অবশ্য ট্র্যাকে নয়, দৌড়াবেন সৈকতে। ‘এটা মৌসুমের আমার প্রথম স্পিড ইভেন্ট হতে যাচ্ছে। এর আগে রাস্তায় দৌড়ানোর সুযোগ হয়েছিল (ম্যানচেস্টারে), কোপাকাবানায় দৌড়ানোটা মজারই হবে’—বলেছেন বোল্ট। সামনের জুলাইয়ে লন্ডন অলিম্পিকের এক বছর পূর্তি উপলক্ষে আরেকটি দৌড়েও অংশ নেবেন ‘বজ্রমানব’। এত দিন করসংক্রান্ত ঝামেলার কারণে অলিম্পিক ছাড়া লন্ডনে দৌড়াননি। এবার সেই ঝামেলা চুকে যাওয়ায় এই দৌড়ে অংশ নিতে কোনো বাধা রইল না বোল্টের। এএফপি।