সৈকতের অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপাকাবানা সৈকতের রোদেলা সকাল। ইতিউতি ছড়িয়ে আছেন পর্যটকেরা। কেউ স্নান করছেন, আবার কেউ মুক্ত বাতাস সেবন করছেন প্রাণভরে। এমন সময় লেব্রন জেমসকেও একই কাজ করতে দেখে অনেকে নিশ্চয়ই বিস্ময়ে চোখ কচলেছেন। বাস্কেটবলের সুপারস্টার কিনা কোপাকাবানায় ঘাম ঝরাচ্ছেন! শুরুতে হালকা অনুশীলনের পর সৈকতে ডনবৈঠকও দিয়েছেন। যেন নাইকির কোনো বিজ্ঞাপনচিত্রের শুটিং চলছে! শুধু জেমস একা নন, ক্লিভল্যান্ড ক্যাভেলিয়ার্সের অন্য সতীর্থরাও গত বৃহস্পতিবার ছিলেন কোপাকাবানায়। তবে স্বাভাবিকভাবেই আলোটা ছিল জেমসের ওপর। বিস্ময়ের ঘোর কেটে এরপর অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন ভিডিও করতে, কেউ কেউ ছবি তুলতে। কিন্তু হঠাৎ যুক্তরাষ্ট্র ছেড়ে রিও ডি জেনিরোতে কী করছেন তিনি? মিয়ামি হিটের সঙ্গে একটা প্রদর্শনী ম্যাচ খেলতে ক্লিভল্যান্ড এসেছিল রিওতে। শারীরিক প্রস্তুতির পর্বটাই তাই সৈকতেই সেরে নিয়েছেন জেমসরা। গ্লোবো।