যখন এই লেখাটা লিখছি, শচীন টেন্ডুলকার তখন প্যাডল সুইপ, ড্রাইভ আর লফটেড শটে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিচ্ছিল। এই বিশ্বকাপে লিটল মাস্টারের এটা দ্বিতীয় সেঞ্চুরি। তার কোটি কোটি ভক্ত আর টুর্নামেন্টকে আলোকিত করেছে এই সেঞ্চুরি দুটি। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শচীনের সেঞ্চুরি দুটি দেখে দর্শক একটা ব্যাপার হয়তো বুঝতে পারছে—অনেক ছয় মারছে সে। তার লফটেড ড্রাইভগুলো ফিরে এসেছে। আর এই শটগুলো ফিরিয়ে আনতে সে তার খেলার ধরন এতটুকু বদলায়নি। শচীনের স্ট্রোক-প্লেতে নতুন মাত্রাই যোগ করেছে এগুলো।এই বিশ্বকাপের সব রোমাঞ্চ মনে হয় ‘বি’ গ্রুপকে ঘিরে। অবশ্য শুরু থেকে সবাই এমনই অনুমান করেছিল। ‘বি’ গ্রুপ নিয়ে অনুমানের বাইরে একটা ব্যাপারই ঘটেছে—কেউ ভাবেনি ইংল্যান্ড বিপদগ্রস্ত হবে। কেভিন পিটারসেনের চোটে খুব বেশি ক্ষতি ইংল্যান্ডের হয়নি। পিটারসেনের বিকল্প হিসেবে আসা এউইন মরগান তার প্রথম ম্যাচেই ভালো খেলেছে। বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের বিস্ময়কর পরাজয় থেকে দলকে না বাঁচাতে পারলেও সে চোখে রাখার মতো এক তরুণ প্রতিভা। ইংল্যান্ডকে এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবশ্যই জিততে হবে এবং ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের এই ম্যাচটিই আগামী সপ্তাহের সবচেয়ে বড় ম্যাচ।আমার কাছে এ সপ্তাহের সেরা খেলোয়াড় যুবরাজ সিং। তার খণ্ডকালীন বোলিং দারুণ কার্যকর হচ্ছে। বোলিং থেকে পাওয়া আত্মবিশ্বাসের কারণে মনে হয় ভালো হচ্ছে তার ব্যাটিংটাও। দারুণ সময়ই যাচ্ছে যুবরাজের। সোজা ব্যাটে খেললে এই বাঁহাতি দুর্দান্ত এবং এই মুহূর্তে সে ঠিক সোজা ব্যাটেই খেলছে। তাকে আগের চেয়ে আরও বেশি ফিট আর ক্ষুধার্ত মনে হচ্ছে। দুজন ফর্মে থাকা বাঁহাতিকে জায়গা দিয়ে ভালো করেছে ভারত। ভারতের জন্য সবচেয়ে আনন্দের খবর হচ্ছে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে তারা এবং বিরাট কোহলি, ইউসুফ পাঠান আর মহেন্দ্র সিং ধোনিরা এখনো ভালো করে জ্বলে ওঠেনি। ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখা এই কজনের প্রত্যেকে এটা হয়তো নিজেদের মধ্যে রেখে দিয়েছে।এ সপ্তাহে আরেক সেঞ্চুরিয়ান তিলকরত্নে দিলশান। নিখাদ মারকুটে ব্যাটিংয়ের প্রদর্শনীতে মুগ্ধ করেছে সে। সেও সোজা ব্যাটে খেলে মুগ্ধ করেছে আমাকে। নিজের আবিষ্কার করা শট দিলস্কুপ এড়িয়ে চলেছে সে। স্পিনে সেও বেশ কিছু উইকেট নিয়েছে।এত সুন্দর ব্যাটিং কন্ডিশন। ব্যাটসম্যানরা অবশ্যই উদ্ভাবনী আর সুন্দর শট খেলতে উদ্বুদ্ধ হতে পারে। তবে বিশ্বকাপের প্রথমার্ধে সোজা ব্যাটে খেলাটাই উদ্ভাবনীর সাক্ষী হয়ে থাকল। ব্যাটসম্যানরা কি সুন্দর শটগুলো পরের অংশের জন্য তুলে রেখেছে? সময়ই তা বলে দেবে। কিন্তু এখন ব্যাটসম্যানরা সোজা ব্যাটে এবং সহজভাবেই খেলছে।