কোয়ার্টার ফাইনালে চতুর্থ ও পঞ্চম বাছাই রবিন সোডার্লিং আর অ্যান্ডি মারের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ছিল অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে উঠল না। অ্যান্ডি মারে কোয়ার্টার ফাইনালের দরজায় পা রাখলেও চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হলো রবিন সোডার্লিংকে। আজ অস্ট্রেলিয়ান ওপেনের অষ্টম দিনে অবাছাই আলেকজান্ডার ডোলগপোলোভের কাছে ১-৬, ৬-৩, ৬-১, ৪-৬, ৬-২ গেমে হেরে গেছেন এই সুইডিশ তারকা। এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন ইউক্রেনের ডোলগপোলোভ। তবে সোডার্লিং না পারলেও অ্যান্ডি মারে একাদশ বাছাই ইয়ুর্গেন মেলজারকে ৬-৩, ৬-১, ৬-১ গেমে হারিয়ে চলে গেছেন কোয়ার্টার ফাইনালে। স্প্যানিশ তারকা ডেভিড মারেও পেয়েছেন শেষ আটের টিকিট। কানাডার মিলোস রাওনিককে তিনি হারিয়েছেন ৪-৬, ৬-২, ৬-৩ গেমে।মেয়েদের এককে এখন পর্যন্ত অঘটনের শিকার হননি কেউই। দ্বিতীয় বাছাই এবং এবারের অন্যতম ফেভারিট ভেরা জভোনারেভা খুব সহজেই পরাস্ত করেছেন চেক রিপাবলিকের ইভেটা বেনেসোভাকে। ম্যাচটা তিনি জিতেছেন ৬-৪, ৬-১ গেমে। —রয়টার্স