সোধিকে ভেট্টোরির সনদ

১২টি প্রথম শ্রেণীর ম্যাচে মাত্র ২২ উইকেট। গড় পঞ্চাশের কাছাকাছি, একেকটি উইকেট নিতে বল করতে হয়েছে ৭৩টি, এমনকি ওভারপ্রতি রানও দিয়েছেন প্রায় চার। এই বোলারই কিনা সুযোগ পেয়ে গেলেন বাংলাদেশ সফরের নিউজিল্যান্ডের টেস্ট দলে! ইশ সোধিকে নিয়ে এখনো ধাঁধায় আছেন অনেকে। তবে আপাতত ধাঁধার সমাধান হয়ে এল ড্যানিয়েল ভেট্টোরির সনদ। সর্বকালের সফলতম বাঁহাতি স্পিনার বললেন, তাঁর দেখা সবচেয়ে প্রতিভাবান বোলারদের একজন এই সোধি!১৬ বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতা, তিন সংস্করণ মিলিয়ে ৬৮১ উইকেটের মালিক, একসময় নিউজিল্যান্ড ক্রিকেটের সর্বেসর্বা—ভেট্টোরির ক্রিকেটপ্রজ্ঞা নিয়ে ন্যূনতম সংশয় থাকার কথা নয় কারও। তবে শুধু এ কারণেই নয়, ভেট্টোরির সনদকে গুরুত্ব দিতে হচ্ছে সোধিকে কাছ থেকে দেখেছেন বলেও। অকল্যান্ডে একটি ট্রায়ালে ভেট্টোরিকে বোলিং করতে এসেই প্রথম নজর কাড়েন সোধি। এরপর দ্রুতই সুযোগ মেলে ভেট্টোরির রাজ্য দল নর্দার্ন ডিস্ট্রিক্টসে, সেখানেও সোধিকে খুব কাছ থেকে দেখেছেন ভেট্টোরি।সেই দেখা থেকেই সাবেক নিউজিল্যান্ড অধিনায়কের উপলব্ধি, ‘সোধি সম্ভবত আমার দেখা সবচেয়ে প্রতিভাবান বোলারদের একজন। অবিশ্বাস্যরকমের উঁচু পর্যায়ের স্কিল ওর। আমার ধারণা, ওর মধ্যে বিশেষ কিছু আছে। আমাদের ওখানে সংশ্লিষ্ট সবাইকে বার্তাটা আমি কিছুদিন ধরেই দেওয়ার চেষ্টা করছি। ও বোলিং করতে প্রচণ্ড ভালোবাসে, একমুখী হয়ে না পড়ার জন্য অনেক খাটাখাটনি করছে। ও এমন একজন যে খেলাটা খুব ভালোবাসে আর বোলিং করে যেতে চায় ওভারের পর ওভার। শরীরী ভাষাও দুর্দান্ত।’ গত নভেম্বরে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক সোধির। ১২ ম্যাচে ৫ উইকেট মাত্র একবার। এখন নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে আছেন ভারত সফরে। সেখানেও প্রথম বেসরকারি টেস্টে মাত্র ২ উইকেট পেয়েছেন ১০০ রান খরচায়, পরেরটিতে কোনো উইকেটই পাননি। তবে লেগ স্পিনারদের ক্ষেত্রে পরিসংখ্যান অনেক সময়ই পুরো সত্য তুলে ধরতে পারে না। প্রতিভাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ভেট্টোরির কাছ থেকে যখন ‘বিশেষ কিছু’ সনদ পেয়েছেন, সোধির দিকে চোখ রাখতেই হবে। প্রতিভার ঝলক হয়তো দেখা যাবে আগামী মাসের বাংলাদেশ সফরেই। নিউজিল্যান্ডের টেস্ট দলে সোধিসহ স্পিনার আছেন আর একজনই—বাঁহাতি স্পিনার ব্রুস মার্টিন। সোধির টেস্ট অভিষেক তাই অনেকটাই নিশ্চিত। ওয়েবসাইট।