সোনা অধরাই ব্রাজিলের
এবারই প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে সোনা জয়ের সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। শক্তিশালী স্পেন, উরুগুয়ে, ইংল্যান্ডের বিদায়ের পর এই আসরকেই ব্রাজিলের সোনা জয়ের সেরা সুযোগ বলে বিবেচনা করেছিলেন ফুটবল বিশ্লেষকেরা। কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি মেনো মেনজেসের শিষ্যরা। দুর্দান্তভাবে ফাইনাল পর্যন্ত এলেও তীরে এসে তরী ডুবেছে ব্রাজিলের। আজ ফাইনালে মেক্সিকোর কাছে ২-১ গোলে হেরে অলিম্পিকের সোনাটা অধরাই থেকে গেছে পাঁচবারের বিশ্বকাপজয়ীর। অন্যদিকে দুর্দান্ত জয় দিয়ে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের সোনা জিতেছে মেক্সিকো।আজ মেক্সিকোর বিপক্ষে ফাইনালে প্রথম মিনিটেই রক্ষণভাগের ভুলে গোল খেয়ে বসে ব্রাজিল। দুর্দান্ত এক গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন স্ট্রাইকার পেরাল্টা। ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ব্রাজিল। দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পাননি নেইমার-অস্কাররা। বেশ কয়েকবার গোল করার ভালো সুযোগ পেলেও বলটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পাঠাতে পারেননি ব্রাজিলিয়ান স্ট্রাইকাররা। মেক্সিকোও পেয়েছিল মোক্ষম কিছু গোলের সুযোগ। ৬৪ মিনিটে মেক্সিকান স্ট্রাইকার ফেবিয়ান মার্কোর চমত্কার একটি গোল-প্রচেষ্টা ব্যর্থ হয় বল ব্রাজিলের গোলবারে লেগে ফিরে এলে। তবে ৭৫ মিনিটে সমর্থকদের আর হতাশ করেননি পেরাল্টা। নিজের দ্বিতীয় গোলটি করে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এই মেক্সিকান স্ট্রাইকার। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে ব্রাজিলের পক্ষে একটি সান্ত্বনাসূচক গোল করেন বদলি স্ট্রাইকার হাল্ক।