সোনা জিতল ফাহাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে যাওয়ার আগে সোনা জেতার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল ফাহাদ রহমান। প্রতিশ্রুতি রেখেছে বাংলাদেশের খুদে দাবাড়ু। থাইল্যান্ডে আসিয়ান বয়সভিত্তিক অনূর্ধ্ব-১০ দাবায় স্ট্যান্ডার্ড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ফাহাদ। এই জয়ে বাংলাদেশের সবচেয়ে কম বয়সী ফিদে মাস্টারের খেতাবও পেতে যাচ্ছে সে। টুর্নামেন্টের নিয়ম অনুসারে চ্যাম্পিয়ন হলেই ফিদে মাস্টার খেতাব দেওয়া হয় ওই দাবাড়ুকে। ৯ খেলায় সাড়ে ৭ পয়েন্ট ফাহাদের। কাল শেষ রাউন্ডে ফাহাদ ড্র করে মঙ্গোলিয়ার বোল্ডবেটার টেনগিসের সঙ্গে। ফাহাদের এই টুর্নামেন্টে অংশ নেওয়ায় পৃষ্ঠপোষকতা করেছে জেমকন গ্রুপ। এর আগে এই টুর্নামেন্টে র্যাপিড বিভাগে ব্রোঞ্জজয়ী ফাহাদ গত ডিসেম্বরে এশিয়ান স্কুল দাবায় সোনা জিতেছিল। মালয়েশিয়ায় ডিওয়াইটিএম দাবা: মালয়েশিয়ায় রাজা নাজরিন শাহ আমন্ত্রণমূলক মাস্টার্স দাবায় প্রথম রাউন্ডে ভারতের আন্তর্জাতিক মাস্টার রামনাথ ভুবনেশকে হারিয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।