বহু ব্যবহারে হয়তো ক্লিশে হয়ে গেছে। উপলক্ষ তবু সেই কথাটি দাবি করছে আরেকবার, কে লিখেছেন এমন চিত্রনাট্য!শুধু সোনা জয় নয়, অলিম্পিক মহিলা ফুটবলের ফাইনাল যুক্তরাষ্ট্রের জন্য ছিল প্রতিশোধের মঞ্চও। গত বছর বিশ্বকাপ ফাইনালে যাদের কাছে হেরেছিল, সেই জাপানকেই পেয়েছিল ফাইনালে। এক ঢিলে দুই পাখি মারার সুযোগটা হাতছাড়া করেনি মার্কিন মেয়েরা। পরশু ওয়েম্বলিতে ২-১ গোলে জিতে কিছুটা হলেও জুড়িয়েছে গত এক বছর বয়ে বেড়ানো জ্বালা। সঙ্গে উপরি হিসেবে যোগ হয়েছে একটা ব্যক্তিগত প্রাপ্তি। বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকার মিস করে যিনি হয়ে গিয়েছিলেন খলনায়িকা, পরশু দুই গোল করে সেই কার্লি লয়েডই জয়ের নায়িকা! সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সোনাজয় সব দিক থেকেই যেন সোনায় সোহাগা।অলিম্পিকের মহিলা ফুটবলে একচ্ছত্র আধিপত্য ধরে রাখল যুক্তরাষ্ট্র। অলিম্পিকে মহিলা ফুটবল এ নিয়ে হলো পাঁচবার, যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন চারবারই! বাকি একবার (২০০০) নরওয়ের কাছে হেরে জিতেছিল রুপা। কভেন্ট্রি স্টেডিয়ামে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে কানাডা। কানাডার পোস্টে গোটা পঁচিশেক শট আর আক্রমণের তুবড়ি ছুটিয়েও গোলের দেখা পায়নি ফ্রান্স। উল্টো ম্যাচ শেষের কয়েক মুহূর্ত আগে গোল করে ফুটবলে প্রথম পদক জিতে যায় কানাডা।ফাইনালের আট মিনিটেই লয়েডের হেড এগিয়ে দেয় মার্কিনদের। এরপর অবশ্য সুযোগ বেশি পেয়েছে জাপানই। কিন্তু যুক্তরাষ্ট্রের জমাট রক্ষণে বারবার মুখ থুবড়ে পড়েছে আক্রমণ। দ্বিতীয়ার্ধে একক প্রচেষ্টায় লয়েডের দুর্দান্ত এক গোলে দ্বিগুণ হয় ব্যবধান। ইউকি ওজিমি ৬৩ মিনিটে একটি গোল ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু বাকি সময়টা জাপানিদের ঠেকিয়ে প্রতিশোধ-পর্ব শেষ করে যুক্তরাষ্ট্র। রয়টার্স।