সোনা জয়ের এখনই সময়: রোনালদো
পাঁচটি বিশ্বকাপ জয়ের গৌরবোজ্জ্বল রেকর্ড। তবে একটা আক্ষেপ রয়ে গেছে ফুটবলের দেশ ব্রাজিলের। অলিম্পিকে সোনা না জিততে পারার আক্ষেপ। ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদো মনে করেন, ব্রাজিলের সোনা জয়ের সময় এখনই।২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক এবং ১৯৯৬ অলিম্পিকে ‘ব্রোঞ্জ’ পদকজয়ী রোনালদো রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘ব্রাজিলের সোনা জয়ের এখনই সময়। অলিম্পিকে কেন আমরা বারবার ব্যর্থ হই, কারণ জানা নেই আমার। সব সময় এখানে আমরা গুরুত্ব দিয়ে খেলি।’এবারের প্রতিযোগিতার বাছাইপর্ব থেকে বাদ পড়েছে ২০০৪ ও ২০০৮ সালের সোনাজয়ী আর্জেন্টিনা। রোনালদোর আত্মবিশ্বাসের সবচেয়ে বড় কারণ এটাই। ‘এক দিক থেকে আমরা এগিয়ে আছি। বাছইপর্ব থেকে বাদ পড়েছে আর্জেন্টিনা। ওরা এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নেই। আমাদের চ্যাম্পিয়ন হওয়ার এটাই যথার্থ সময়।’ বলেছেন রোনালদো।ব্রাজিল অলিম্পিকের চূড়ান্ত দল ঘোষণা করে ৬ জুলাই। এর আগে ৯ জুন অনুষ্ঠিত নিজেদের শেষ প্রীতি ম্যাচে আর্জেন্টিনার কাছে ৪-৩ ম্যাচে হারে ব্রাজিল। তবে এবারের অলিম্পিক লড়াইয়ে আর্জেন্টিনা নেই বলে দল ঘোষণার সময় নিজের স্বস্তির কথা জানিয়েছিলেন মেনেজেস।রিও ডি জেনিরোতে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, ‘আমি মনে করি না, এবার একই ফলের পুনরাবৃত্তি ঘটবে। কারণ অলিম্পিকে মেসি থাকবে না। আমাদেরকে এমন একজন খেলোয়াড়ের মুখোমুখী হতে হবে না, যে মাঝমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণ-ভাগ ভেঙে বল জালে জড়ায়।’ব্রাজিলের এবার অলিম্পিক দলটাও প্রেরণা দিচ্ছে রোনালদোকে। অলিম্পিক মূলত অনূর্ধ্ব ২৩ বছর বয়সী ফুটবলারদের লড়াই। তবে কোনো দল চাইলে এর চেয়ে বেশি বয়সী সর্বোচ্চ তিনজন খেলোয়াড় রাখতে পারে। এই নিয়মের মধ্যে স্ট্রাইকার হালক এবং দুই ডিফেন্ডার থিয়াগো সিলভা ও মার্সেলোকে রেখেছেন কোচ মানো মেনেজেস। সাবেক কিংবদন্তি খেলোয়াড় রোমারিও ঘোষিত দলের কড়া সমালোচনা করেছেন। তবে এই দলটার ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন রোনালদো। তাঁর বিশ্বাস, বর্তমান দলটাই পারে ব্রাজিলকে সোনা এনে দিতে।চলতি মাসের শেষের দিকে লন্ডনে অনুষ্ঠেয় অলিম্পিকের ‘সি’ গ্রুপে ব্রাজিলের তিন প্রতিপক্ষ মিসর, বেলারুশ ও নিউজিল্যান্ড। মূল লড়াইয়ের আগে স্বাগতিক যুক্তরাজ্যের সঙ্গে ২০ জুলাই একটি ওয়ার্ম আপ ম্যাচে অংশ নেবে মেনেজেসের দল।