সোনা জয়ের পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনটা রেখে কোনটা আগে লেখা যায়? এত প্রতিক্রিয়া, এত স্মরণীয় সব মুহূর্ত—সব তো আর ইন্ট্রোতেই লেখা যায় না।শুরুতেই সেই দৃশ্যটার কথা বলা যাক। যে দৃশ্য এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ দলের সবচেয়ে বড় সুখস্মৃতির। ম্যাচের পর লাল-সবুজ পতাকা নিয়ে মাঠের মাঝখানে দুজন খেলোয়াড় লম্বা একটা দৌড় দেন। কালও দৌড় দিলেন। দৌড়ের গতিটা উসাইন বোল্টের সমান না হলেও কাছাকাছিই ছিল। এই দৌড় যে ছিল এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম সোনা জয়ের বার্তা। কর্মকর্তারা বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে এটি দেখবেন, তা কি হয়! তাঁরাও ছুটলেন। বড় কিছু অর্জন করার মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ ক্রিকেট দলের উদ্যাপন দৃশ্যগুলো সবারই কমবেশি জানা। এদিন নতুন ব্যাপার দেখা গেল। ওই যে ‘আমরা করব জয়...আমরা করব জয়...একদিন...’ গানটা এত দিন ড্রেসিংরুমেই গাওয়া হতো। দেশকে এশিয়াডের প্রথম সোনার হাসিতে ভরানোর নায়কেরা আনন্দে মাঠের মাঝখানেই গোল হয়ে গানটা গেয়ে ফেললেন। সুর তুলে, উঁচু গলায়। ম্যাচের পর মিক্সড জোনে খেলোয়াড়দের নেওয়ার জন্য স্বেচ্ছাসেবীদের টানাটানি। আফগানিস্তান খেলোয়াড়েরা দ্রুত হেঁটে গেলেন। বাংলাদেশের খেলোয়াড়দের তো এর-ওর সঙ্গে কোলাকুলি আর অভিনন্দনে ভেজার সময়। একটু সময়ই লাগল।বাংলাদেশ অধিনায়কের সঙ্গে যেতে যেতে একজন বললেন, এটা শুধু ক্রিকেটের নয়, গোটা দেশের ক্রীড়াঙ্গনেরই অর্জন, এই কথাটা যেন তিনি বলেন। আশরাফুল এই ফাঁকে স্বস্তির একটা হাসি ছড়ালেন মুখে, ‘বাপ রে, কঠিন একটা ম্যাচ জিতলাম। ভাবছিলাম তো হেরেই গেছি।’বিদেশি সাংবাদিকেরা আশরাফুলকে পেয়ে জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী ছিলেন, এই জয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কতটা প্রভাব ফেলবে—এসব প্রশ্ন করে যাচ্ছেন। আশরাফুল অকপটে বলে গেলেন, ‘আফগানিস্তান যেভাবে অসাধারণ বোলিং-ফিল্ডিং করছিল, আমি তো শঙ্কায় পড়ে গিয়েছিলাম জিতব কিনা। ১৯তম ওভারে সাব্বিরের দুটি ছক্কাই আমাদের জিতিয়েছে। এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য শুভ ফল বয়ে আনবে।’ততক্ষণে পুরস্কারের জন্য প্রস্তুতি নিতে দুই দলকে দাঁড় করানো হয়েছে মাঠের এক পাশে। কাল সকালেই শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জেতা পাকিস্তান দলও আছে। তিন দলের খেলোয়াড়দের পাশে বাংলাদেশ শিবিরে উচ্ছ্বাসের ঢেউ। তাদের অপেক্ষা কখন বাজবে ‘আমার সোনার বাংলা...’?অপেক্ষার মাঝেই নাঈম ইসলামকে ঘিরে ভিড়। ব্যাট-বলে সফল ‘ছক্কা-নাঈম’ বলছিলেন, ‘বল ব্যাটে আসছিল না। আমি মারছি, কিন্তু লাগেই না। চিন্তায় পড়ে যাই। যাক, সাব্বিরের দুটি বিগ হিটই আসল কাজ করে দিয়েছে।’একটু পর মাঠের মাঝখানে বিজয়স্তম্ভে দাঁড়ানো বাংলাদেশের ক্রিকেটারদের গলায় উঠল সোনার পদক। সোনার প্রলেপ দেওয়া এই পদকে এশিয়ান গেমসের লোগো। নেড়েচেড়ে দেখতে দেখতে ওপেনার নাজিমউদ্দিনের মনে হলো, ‘খাঁটি গোল্ড। দেখেন সোনার মতো...।’ওদিকে সংবাদ সম্মেলন শুরু হয়ে গেছে। বাংলাদেশ দলের কোচ সারওয়ার ইমরান, অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের পাশে রশিদ লতিফ। আফগানিস্তান কোচের হাতে পানির বোতল, ছিপি খুলছেন আর চুমুক দিচ্ছেন। চোখমুখে রাজ্যের অন্ধকার। যেন দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষ।‘আফগানিস্তান বাংলাদেশের চেয়ে ভালো দল’—দুই দিন আগে এই দাবি করার পর এখনো কি তাই করবেন? পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ও অধিনায়ক বলটা না খেলে ছেড়ে দিলেন, ‘ম্যাচটা খুবই ক্লোজ ছিল। আমরা জিততে পরতাম। না জিতলেও আপনারা নিশ্চয়ই আফগানিস্তানের ক্রিকেটের অগ্রযাত্রার নিদর্শন দেখলেন।’ইন্দো-বাংলা, এসএ গেমসের পর এশিয়ান গেমসেও বাংলাদেশের সোনাজয়ী ক্রিকেট দলের কোচ—সারওয়ার ইমরানের আনন্দটা ছিল একটু বেশি। লতিফের কথার সূত্র ধরে বললেন, ‘একজন অকেশনাল বোলারকে ওদের ব্যবহার করতেই হবে জানতাম। তাঁর ওভারেই সুযোগ নেওয়ার পরিকল্পনা ছিল, সেটি কাজে লাগয়েছি আমরা।’এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুল হক, এসিসির উন্নয়ন কর্মকর্তা বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম, ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস...সবার প্রতিক্রিয়া এক ও অভিন্ন, ‘অসাধারণ এই অনুভূতি।’গুয়াংডং স্টেডিয়ামে তখন সন্ধ্যা নেমেছে। আশরাফুলরা তখন ড্রেসিংরুমে। উফ্, কী জোরে জোরে গান! চলল খুনসুটি, দুষ্টুমি। স্বেচ্ছাসেবীরা সবাই সেদিকে তাকিয়ে। একটা মাহেন্দ্রক্ষণের উদ্যাপন তো এমনই হয়!