সোনা জয়ের স্বপ্নপূরণ বাংলাদেশের
অবশেষে শেষ হলো সব প্রতীক্ষা। পূর্ণ হলো এশিয়ান গেমসে বাংলাদেশের সোনা জয়ের স্বপ্ন। ক্রিকেট ইভেন্টের ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে সোনা ছিনিয়ে নিলেন আশরাফুলরা।বোলারদের নৈপুণ্যে আফগানিস্তান ইনিংস ১১৮ রানের মধ্যে সীমাবদ্ধ রাখলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় আরও একবার সোনা জয়ের স্বপ্ন অধরাই থেকে যেত বাংলাদেশের। ১১৯ রান তাড়া করতে নেমে ৭৫ রানের মধ্যেই তারা খুইয়েছিল ৫ উইকেট। কিন্তু নাইম ইসলামের ৪১ বলে ৩৪ ও সাব্বির রহমানের ১৮ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে জয় নিশ্চিত করে টাইগাররা। এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। কিন্তু প্রথম থেকেই বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি সুবিধা করতে পারেনি আফগান ব্যাটসম্যানরা। ইনিংসের শেষপর্যায়ে সাবির নুরির ২৫ ও আসগর স্টানিকজাইয়ের ৩৮ রানের সুবাদে ১১৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। মোহাম্মদ আশরাফুল, শাহাদাত হোসেন ও নাইম ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট। তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে পাকিস্তান।সংক্ষিপ্ত স্কোরআফগানিস্তান ১১৮/৮ (২০ ওভার)আসগর স্টানিকজাই ৩৮, সাবির নুরির ২৫নাইম ইসলাম ২/৮, আশরাফুল ২/৩বাংলাদেশ ১১৯/৫ (১৯.৩ ওভার)নাইম ইসলাম ৩৪, সাব্বির রহমান ৩৩করিম সাদিক ২/২৭(বাংলাদেশ ৫ উইকেটে জয়ী)।