সোনা পেয়েও মন ভার
অলিম্পিক সোনা জিতেও কি কারও কখনো মন খারাপ থাকে? ভ্যালেরি অ্যাডামসের কিন্তু মন সত্যিই খারাপ!প্রত্যেক অ্যাথলেটেরই আজন্ম লালিত স্বপ্ন অলিম্পিকের বিজয়মঞ্চে গিয়ে দাঁড়ানো, গলায় সোনার পদক ঝোলানো। দর্শকের তুমুল করতালির বৃষ্টিতে ভিজতে ভিজতে অভিবাদন গ্রহণ। এরপর গভীর আবেগ নিয়ে জাতীয় সংগীত গাইতে গাইতে ভেজানো চোখের কোণ। অ্যাডামস সোনা জিতেছেন ঠিকই, কিন্তু এর কোনোটাই করা হয়নি!করা হয়নি মানে করতে পারেননি। তাঁর সেই সোনালি মুহূর্ত চুরি করে নিয়েছেন নাদজেয়া অস্তাপচুক। মহিলাদের শটপুটে অস্তাপচুকই বিজয়মঞ্চে সোনার পদক ঝুলিয়েছিলেন। কিন্তু এখন ধরা পড়েছেন ডোপ টেস্টে। তাঁর কাছ থেকে সোনার পদক কেড়ে নিয়ে সেটি দেওয়া হচ্ছে তখন রুপাজয়ী অ্যাডামসকে। ২০০৮ বেইজিং অলিম্পিকেও সোনা জিতেছিলেন নিউজিল্যান্ডের এই শটপুটার। অ্যাডামস খুশি হয়েছেন, আবার মনও খারাপ হচ্ছে। লন্ডনে জাতীয় সংগীত গাওয়া হলো না।২৭ বছর বয়সী তরুণী তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘খবরটা শোনার পর আমি ডেভকে (নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির শেফ দ্য মিশন) জিজ্ঞেস করেছিলাম, এটা সত্যি কি না। এরপর কান্নায় ভেঙে পড়েছি। সোনা জিতে আমি সত্যিই আবেগে ভেসেছি।’ কিন্তু এর পরই যোগ করেছেন নিউজিল্যান্ডের পতাকা উত্তোলন আর জাতীয় সংগীত গাইতে না পারার আক্ষেপের কথা, ‘ও (অস্তাপচুক) স্টেডিয়ামের ৮০ হাজার মানুষের অভিবাদন পেয়েছে সোনার মেডেলটা নেওয়ার সময়, অথচ যেটা ওর প্রাপ্যই ছিল না। আমি মনে করি, এটা (জাতীয় সংগীত) খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ, আমি নিউজিল্যান্ডার হিসেবে খুবই গর্বিত। এই মুহূর্তই ও আমার কাছ থেকে চুরি করে নিয়েছে।’ এএফপি।