সোনা ফিরে পাচ্ছেন আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কোনো রেকর্ড হয়নি জাতীয় অ্যাথলেটিকসের দ্বিতীয় দিনে। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সারা দিন ঘুরেফিরে সবার মুখেই ছিল আমিরের ‘সোনা ছিনতাই’য়ের ঘটনা। কাল সকালে আধঘণ্টা ট্র্যাক অবরোধ করে রাখেন অংশগ্রহণকারী সব জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলেট ও কর্মকর্তারা। দাবি ছিল আমিরের সোনার পদক ফিরিয়ে দেওয়ার। শেষ বিকেলে আমির ১০ হাজার মিটারে সোনা জিতে নিয়ে এই দাবিকে আরও জোরালো করে তোলেন।চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে কাল জরুরি সভায় বসেন ফেডারেশন কর্মকর্তারা। সেখানেই সিদ্ধান্ত হয়, সোনার পদক তুলে দেওয়া হবে আমিরেরই হাতে। ফেডারেশন সূত্রে জানা গেছে, সভাপতির অনুমতির পর আনুষ্ঠানিক ঘোষণাটা দেওয়া হবে আজ সকালে।কাল শেষ হয়েছে ৯টি ইভেন্ট। তবে আগের দিনের মতো সেনাবাহিনীর আধিপত্য ছিল না। পরশু পাঁচটি সোনা জিতলেও কাল তারা জিতেছে মাত্র ২টি ইভেন্টে। পুরুষদের চাকতি নিক্ষেপে সোনা জিতেছেন সেনাবাহিনীর মামুন শিকদার। ছেলেদের ৪০০ মিটারের সোনা একই সংস্থার মারুফের। এই ইভেন্টে মেয়েদের সোনা ফিরে পেয়েছেন বিজেএমসির রওশন আরা (পুতুল)। পোল ভল্টে নৌবাহিনীর হুমায়ুন কবীর, দীর্ঘ লাফে বিকেএসপির তাসলিমা আক্তার (মনি), চাকতি নিক্ষেপে শিরোপা ধরে রেখেছেন বিজেএমসির জ্যোৎস্না আফরোজ, ট্রিপল জাম্পে সোনার পদক উঠেছে নৌবাহিনীর আওলাদ হোসেনের গলায়। মেয়েদের ৪–১০০ মিটার রিলেতে সোনা জিতেছেন বিউটি, ইভা, সুমি ও নাসরিনের দল বিজেএমসি। দিন শেষে ১০টি সোনা ৭টি রুপা ও ৫টি ব্রোঞ্জ জিতে পদক তালিকার শীর্ষে সেনাবাহিনী। দ্বিতীয় স্থানে থাকা বিজেএমসির সোনা ও রুপা ৫টি করে, ব্রোঞ্জ ৪টি।