সোনাজয়ী এক মায়ের গল্প
সংবাদ সম্মেলনে পাশাপাশি বসলেন বীরেন্দর পুনিয়া, কৃষ্ণা পুনিয়া ও হারওয়ান্ত কাউর।আরেকজনের থাকার কথা ছিল, আসতে পারেননি। এলে একই ফ্রেমে বাঁধা পড়তেন ‘তিন কন্যা’। তা হয়তো হয়নি, তবে পরশু ইতিহাস গড়া ভারতের তিন ডিসকাস থ্রোয়ারের প্রথম দুজন সংবাদ সম্মেলনে আলো ছড়ালেন। আগের সন্ধ্যায় নেহরু স্টেডিয়ামে ৪৫ হাজার দর্শক মাতিয়ে তোলার পর সব আলো তো তাঁদের ওপরই থাকার কথা।সবচেয়ে বেশি আলো কাড়লেন সোনাজয়ী কৃষ্ণা। কৃষ্ণার কোচ ও স্বামী বীরেন্দর পুনিয়াও এখন ‘তারকা’। রুপার মালিক হারওয়ান্ত ও ব্রোঞ্জজয়ী সীমা আন্তিলও শুভেচ্ছা পাচ্ছেন সবার। ঘরের মাঠে কমনওয়েলথ গেমস অ্যাথলেটিকসে একই ইভেন্টে তিনটি পদকই জিতে নেওয়া তিন কন্যাকে ভারতীয়রা জানাচ্ছে উষ্ণ অভিনন্দন। খবরের কাগজের প্রথম পাতায় ছাপা হয়েছে তাঁদের হাস্যোজ্জ্বল ছবি।কমনওয়েলথ গেমসের ইতিহাসেই এই প্রথম অ্যাথলেটিকসে ভারতের কোনো মেয়ে সোনা জিতল। কৃতিত্বটা আরও বড় হয়ে যাচ্ছে এই তথ্যে: নারী-পুরুষ মিলিয়ে কোনো ভারতীয় অ্যাথলেটিকসের সোনা সর্বশেষ জিতেছিল সেই ১৯৫৮ কার্ডিফ কমনওয়েলথে, মিলখা সিংয়ের হাত ধরে। ৫২ বছরের অপেক্ষা ঘোচালেন কৃষ্ণা।সংবাদ সম্মেলনে তাই ‘দীর্ঘ অপেক্ষার অবসান’ কথাটি এল ঘুরেফিরে। উপস্থিত দুজনের মধ্যে সোনাজয়ী কৃষ্ণার বেড়ে ওঠা, অনেক সংগ্রাম করে কমনওয়েলথের মঞ্চে সেরা হওয়ার নানা গল্প জানা হয়ে গেল। একসময় তো উছলে ওঠা আবেগ জল হয়ে ঝরল কৃষ্ণার চোখে! একমাত্র ছেলেকে ঠিকমতো সময় দিতে না পারার অনুতাপে পোড়ার কথা যখন বলছিলেন, মনে হলো না, এই কৃষ্ণা ইতিহাস গড়া কেউ। মনে হলো, স্রেফ তিনি একজন মমতাময়ী মা!কৃষ্ণা পুনিয়া বলছিলেন, ‘কলেজ-জীবনে আমার উচ্চতা (বর্তমানে ৬ ফুট ২ ইঞ্চি) দেখে অ্যাথলেটিকস ক্যাম্পে ডাকা হয়। পরপর তিন বছর খেলতে পারিনি ইনজুরিতে পড়ায়। এই ফাঁকেই বিয়ে হলো। সন্তান এল। কিন্তু সন্তানের দেখাশোনা করতে পারিনি। ক্যাম্প, প্রশিক্ষণ...এসব নিয়েই ছিলাম। সম্প্রতি ইউক্রেন আর যুক্তরাষ্ট্রে অনুশীলন করেছি। বাড়ি থেকে বিচ্ছিন্ন ছিলাম অনেক দিন।’অনুশীলনে এতটাই আত্মনিবেদিত ছিলেন, গত ছয় মাস ছেলের সঙ্গে দেখাই হয়নি। পরশু দিল্লিতে ছেলের স্কুল পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে সন্ধ্যায় ছেলেকে নিয়ে আসা হয়েছিল মায়ের খেলা দেখাতে। ‘সোনা জয়ের সময়টা ছেলেকে কাছে পেয়ে কী যে ভালো লেগেছে, বোঝাতে পারব না। তবে বেশিক্ষণ সময় দিতে পারিনি ওকে’—প্রাপ্তির আনন্দে ভেসে যাওয়া ২৮ বছর বয়সী মায়ের মুখে আক্ষেপও।অঞ্জু ববি জর্জ থেকে শুরু করে ভারতের অনেক নামী অ্যাথলেটের স্বামীই তাঁদের নিজস্ব কোচ। কিন্তু স্বামী হয়ে কোচের ভূমিকায় থাকার কী সমস্যা, সেটা কৌতুক করেই বললেন বীরেন্দর, ‘প্রথম দিকে আমাকে দেখে অনেকে “টিজ” করত। আমি নাকি স্ত্রীর ব্যাগ টানি! আমার কাজই নাকি ওটা!’স্বামী হলেও সেই পরিচয়টা ঘরেই রেখে আসেন এই জুটি। মাঠে কোচ-অ্যাথলেট সম্পর্কটাই তখন বড় হয়ে যায়। পারস্পরিক শ্রদ্ধাবোধকেই সাফল্যের মূলমন্ত্র বললেন কৃষ্ণা। বীরেন্দর বড় মঞ্চে যেতে না পারলেও হ্যামার থ্রোয়ে প্রায় ২০ বছর ভারত-সেরা ছিলেন। ‘ছেলেকেও থ্রোয়ার বানাব’—ক্রিকেট-উন্মাদ একটা দেশে বীরেন্দরের এই স্বপ্নটা কৌতূহল জাগায় বৈকি।গত কমনওয়েলথে ডিসকাস থ্রোয়ে রুপা আর দোহা এশিয়াডে ব্রোঞ্জজয়ী কৃষ্ণা এবারের কমনওয়েলথে সেরা পারফরম্যান্স করতে পারেননি। ডিসকাস ছুড়েছেন ৬১.১৫ মিটার দূরত্বে। এই ইভেন্টের বিশ্ব চ্যাম্পিয়ন আসেননি। তবে কমনওয়েলথের সাবেক ও বর্তমান চ্যাম্পিয়ন ছিলেন। ‘এঁদের হারিয়ে সোনা জেতা অনেক বড় অর্জনই’—হরিয়ানার চুরু জেলার গগরওয়ান গ্রামের মেয়ের মুখে চওড়া হাসি। গর্বিত হরিয়ানা সরকার ১০ লাখ রুপি পুরস্কারও ঘোষণা করেছে কৃষ্ণার জন্য।এই পুরস্কার, অর্জন, স্বীকৃতি, খ্যাতি—সব ছাপিয়ে তাঁর চোখমুখ সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে ছেলের প্রসঙ্গ উঠলেই। সবকিছুর আগে তিনি যে একজন মা!