ফেডারেশনের চেয়ার দখলের পালাবদলে প্রায়ই বলির পাঁঠা হন খেলোয়াড়েরা। যার সবচেয়ে বড় উদাহরণ কাতারে সদ্য সমাপ্ত ক্লাব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত।
কাতারের দোহায় ৬৩ কেজি ওজন শ্রেণিতে সোনার পদক জিতে দেশে ফেরার পর কোথায় সংবর্ধনা পাবেন ফেডারেশন থেকে, অথচ মৃত্যুর হুমকি পেলেন এসএ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক সীমান্ত, জহুরা আক্তার রেশমা ও মোস্তাইন বিল্লাহ! কাল সীমান্ত ভয়ার্ত কণ্ঠে বলছিলেন, ‘ঢাকায় ফেরার আগেই আমরা অনেক হুমকি পেয়েছি। আমরা নাকি ফেডারেশনকে না জানিয়ে খেলতে গিয়ে আইন ভেঙেছি। এ জন্য আমাদের পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হবে। গুলিস্তান এলাকায় এলেই আমাদের ক্ষতি করা হবে। ভয়ে আমরা ওদিকে যেতে পারছি না।’ কারা এই হুমকি দিয়েছে সেই নামটা অবশ্য বলতে চাইলেন না, ‘ফেডারেশনেরই কয়েকজন কর্মকর্তা আমাদের মেরে ফেলার হুমকি দিয়েছে। তবে আমি তাদের নাম বলতে চাই না। আমার পরিবার তাদের সবাইকে চেনে। যদি কোনো ক্ষতি হয় এই ভয়ে আমার পরিবার থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছে।’
দেশের মুখ উজ্জ্বল করা এই ভারোত্তোলক হতাশার সুরে বললেন, ‘আমার খুবই খারাপ লাগছে। আমি পদক জিতেছি, সেই খুশিতে কোথায় তারা সংবর্ধনা দেবে বা ফোন করে অভিনন্দন জানাবে। অথচ তারা প্রস্তুতি নিচ্ছে আমাকে হেনস্তা করার, যাতে আমি কোনোভাবে খেলায় না থাকতে পারি সেই হুমকিও দেওয়া হচ্ছে।’
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজল দত্ত, ‘এখন পর্যন্ত ওর সঙ্গে আমাদের কোনো কথা হয়নি। তারা যে খেলতে গেছে সেটাও আমরা জানি না।’
এ প্রসঙ্গে জানতে চাইলে ফেডারেশনের সভাপতি মনজুর কাদের কোরাইশি বললেন, ‘আমি খুব খুশি মাবিয়ার এমন অর্জনে। ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এটা আমাদের জন্য অবশ্যই গর্বের ব্যাপার। তবে কে তাকে হুমকি দিয়েছে তার সঠিক তথ্য-প্রমাণ থাকলে লিখিতভাবে আমাদের জানাক, তাহলে ওই কর্মকর্তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেব।’