সোনার আশা কারাতে-উশুর, জুডোর রুপা
প্রথমবার দেখলে যে কারও মনে হতে পারে কোনো চলচ্চিত্রের মারপিটের দৃশ্যের শুটিং চলছে। আসলে মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্র্যাকটিস করে চলেছে কারাতে দল। আসন্ন দক্ষিণ এশীয় গেমসের আগে নিজেদের যত বেশি ঝালিয়ে নিতে পারেন সেই চেষ্টা চলছে নুরুজ্জামান, হাসান খান, জয় উ প্রু, উসাইনু, বিপাশাদের।কাতা আর কুমি—এই দুটি ইভেন্টেই সোনার প্রত্যাশায় লড়বে কারাতে দল। এর আগে ১৯৯৯ সালে কাঠমান্ডুতে, ২০০৪ সালে ইসলামাবাদে ২টি করে রুপা ও ২০০৬ সালে কলম্বোতে ১টি রুপা এসেছিল কারাতে থেকে। এবার বিদেশি কোচ, লম্বা সময় ধরে ক্যাম্প, অক্লান্ত পরিশ্রম এবং স্বাগতিক হওয়ার সুবিধা প্রত্যাশাটা বাড়িয়ে দিয়েছে তাদের। সবচেয়ে সিনিয়র এবং অভিজ্ঞ খেলোয়াড় নুরুজ্জামান তো প্রস্তুতি নিয়ে দারুণ খুশি, ‘এবার আমাদের প্রস্তুতি খুবই ভালো হচ্ছে। তাই দুটির বেশি সোনা আশা করছি আমরা।’ জাইকার সহযোগিতায় পাওয়া জাপানি কোচ আশাইওশি কাগাওয়াও দল নিয়ে আত্মবিশ্বাসী। দেশের মাটিতে খেলা হবে বলে বাড়তি একটা উত্সাহই পাচ্ছেন জয় উ, ‘দেশের মাটিতে খেলা হবে। এটা আমাদের অনেক বড় পাওয়া। যে গ্রাউন্ডে আমরা এখন প্র্যাকটিস করছি সেখানেই মূল লড়াইটা হবে। এ জন্য মনোবলটাও উঁচুতে থাকবে।’এত বড় একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার আগে প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজন ছিল বলে মনে করেন অনেকেই। গত নভেম্বরে অবশ্য ভারতের গুজরাটে ওয়াদেকা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলে এসেছেন তাঁরা। তবে এতেই সন্তুষ্ট হতে পারছেন না খেলোয়াড়েরা। এর মাঝে গত অক্টোবরে নিজ উদ্যোগে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় কমনওয়েলথ কারাতে প্রতিযোগিতায় খেলতে যান নুরুজ্জামান, হাসান খান ও হোসেন খান। তাঁদের মনে হয়েছে ভারত নয়, পাকিস্তানই হতে পারে বাংলাদেশের বড় প্রতিপক্ষ। ইনডোরে অনুশীলনরত কারাতে দলের উল্টো দিকে ব্যস্ত উশু দল। এই প্রথম এসএ গেমসে অন্তর্ভুক্ত হওয়া খেলাটিকে নিয়ে বেশ আশাবাদী দলের প্রত্যেকেই। থানসু ও থাউলু দুটি ইভেন্টের মধ্যে থাউলুতেই সোনা জেতার আশা তাদের। চীনা কোচ ওয়াং চাই লিন খেলোয়াড়দের দুবেলা জোর অনুশীলনের মধ্যে রেখেছেন। অভিজ্ঞ খেলোয়াড় মিসবাহউদ্দিন জানান, ‘প্রস্তুতি যেভাবে চলছে তাতে আশা করছি ১টা সোনা জিততে পারব।’ সিদ্দিক, মোহাম্মদ আফসার, রুবেলরাও ভালো কিছু করে দেখাতে পারেন বলে মনে হয়েছে ক্যাম্প কমান্ড্যান্ট শরিফুল ইসলামের। মেয়েদের মধ্যে রুমা আক্তারের জোর সম্ভাবনা দেখছেন থাউলুর তাইচি সুয়ান ইভেন্টে সোনা জেতার। নানদাও (তরবারির মতো দেখতে), নানগ্রুন (এক প্রকার মোটা লাঠি) ও দাউসু (মোটা তরবারি)—সরঞ্জামগুলো দিয়ে প্রস্তুতিতে ব্যস্ত খেলোয়াড়দের শরীরী ভাষাতেও যেন ভালো কিছু করার তাগিদ।উশু খেলোয়াড়দের মতো ততটা জোর দিয়ে সোনা জয়ের কথা বলতে পারলেন না জুডো খেলোয়াড়েরা। বিকেএসপিতে তাদের ক্যাম্পই শুরু হয়েছে মে মাসের শেষ দিকে! এটা নিয়ে আক্ষেপ ঝরল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল কাদেরের কণ্ঠে, ‘আমরা তো শেষ মুহূর্তে তড়িঘড়ি করে প্রস্তুতি শুরু করেছি। ছেলেদের ক্যাম্প মে মাসে শুরু হলেও মেয়েদেরটা হয়েছে ডিসেম্বরে। এখান থেকে কী-ই আর ফল আসবে? তবু দেশের মাটিতে আমরা জানপ্রাণ দিয়ে লড়ব।’ গত নভেম্বরে ইরানি কোচ আজহার মোহাম্মদ রেজাকে পেয়েছে ফেডারেশন। এর আগে অবশ্য দেশি কোচ আমিনুল ইসলামকে দিয়েই প্রস্তুতি চলছিল। এর আগে ১৯৮৫ সালে ঢাকায় কোনো পদক না জিতলেও ১৯৯৫ সালে মাদ্রাজে ৪টি রুপা ও ২০০৬ কলম্বোতে ২টি রুপা জেতে বাংলাদেশ। এবারও বড়জোর রুপা আসতে পারে। ছেলেদের বিভাগে হাবিব ও মেয়েদের বিভাগে শেলীর দিকেই বেশি নজর কোচের। প্রস্তুতি ম্যাচ নেই, ক্যাম্পও শুরু হয়েছে দেরিতে—এতসব প্রতিকূলতা পেরিয়েও খেলোয়াড়েরা অনুপ্রেরণা পাচ্ছেন ‘স্বাগতিক’ বলেই।