ফোম থেকে উঠেই হাত নাড়লেন দর্শকদের উদ্দেশে। গায়ে দেশের পতাকা জড়িয়ে ভিক্টরি ল্যাপ মতও দিলেন। মুখে হাসি। তবে ঠিক স্বতঃস্ফূর্ত নয়, হাসিতে কেমন যেন একটা বিষাদের ছোঁয়া। হ্যাটট্রিক সোনা জয়ের স্বপ্ন নিয়ে এসে ইয়েলেনা ইসিনবায়েভার কপালে জুটল ব্রোঞ্জ। সোনার কন্যা ব্রোঞ্জ জিতলে হাসিটা তো ‘তামাটে’ হওয়ারই কথা! পাশেই স্বামী ও কোচ রিকি স্যুরকে জড়িয়ে ধরে কাঁদছিলেন জেনিফার স্যুর। কাঁদছেন তো কাঁদছেনই, থামার লক্ষণ নেই! পরে যাঁকে সামনে পাচ্ছিলেন, কাঁদছিলেন তাঁকে জড়িয়ে ধরেই। এই ৩০ বছর বয়সে এসে জিতলেন প্রথম আন্তর্জাতিক সোনা, সেটাও অলিম্পিকের মতো আসরে। মধুর প্রতিশোধও হলো, বেইজিংয়ে রুপা জিতেছিলেন ইসিনবায়েভার পেছনে থেকে। আবেগের বিস্ফোরণের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন জেনিফার। প্রাপ্তির আনন্দ উদ্যাপন করলেন অলিম্পিক স্টেডিয়ামের ট্র্যাক চোখের জলে ভাসিয়ে।বিরুদ্ধ-পরিবেশে পোলভোল্টের লড়াইটা অবশ্য অলিম্পিক মানের হলো না। থেমে থেমে আসা বৃষ্টি, প্রচণ্ড বাতাস মিলিয়ে স্যাঁতসেঁতে পরিবেশে সেরাটা দিতে পারেননি কেউই। ৪.৭৫ মিটার লাফিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের জেনিফার। সমান উচ্চতা লাফিয়েও কাউন্টব্যাকে রুপা পেয়েছেন কিউবার ইয়ারিসলি সিলভা। পাঁচ মিটারের সীমা ভাঙা একমাত্র মেয়ে পোলভোল্টার ইসিনবায়েভাকে পরশু থামতে হয়েছে মাত্র ৪.৭০ মিটারেই। একসময় ইসিনবায়েভা পোল হাতে নেওয়া মানেই ছিল রেকর্ড। বিশ্ব রেকর্ড ভেঙেছেন ১৭ বার, গত দুই অলিম্পিকে সোনা জিতেছেন বিশ্ব রেকর্ডসহ। চোট আর পড়তি ফর্ম মিলিয়ে অনেক দিন ধরে যদিও নিজের চেহারায় নেই, তার পরও ফেবারিট ছিলেন ইসিনবায়েভাই। মার্চে বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপেও জিতেছিলেন সোনা। পরশু ব্যর্থতার ইঙ্গিত ছিল শুরুতেই। প্রথম লাফে পেরুতে পারলেন না ৪.৫৫ মিটার। দ্বিতীয় প্রচেষ্টায় পেরেছেন, ৪.৬৫ ও ৪.৭০ পেরিয়েছেন প্রথম লাফেই। শেষ ওখানেই। দুবার ৪.৭৫ ও একবার ৪.৮০ চেষ্টা করে ব্যর্থ।এতেও নাকি আক্ষেপ নেই তাঁর। স্বর্ণকন্যা সন্তুষ্ট ব্রোঞ্জ জিতেই, ‘ব্রোঞ্জ জিতে আমি যে কতটা খুশি! এই ব্রোঞ্জটাই আমার কাছে সোনার মতো। কারণ, বেইজিংয়ের পর গত তিন বছরে অনেক কঠিন সময় পেরুতে হয়েছে আমাকে।’ অবশ্য এটা যে মনের কথা নয়, তা ফুটে উঠল পরের কথাতেই, ‘যদি জানতাম আমি ব্রোঞ্জ জিতব, কখনোই এখানে আসতাম না। আমি সব সময় সোনার জন্যই নামি।’ এএফপি, রয়টার্স।মনের কথা আসলে এটাই, মানতে পারছেন না পরাজয়। সত্যিকারের চ্যাম্পিয়নের মতোই তাই ঘোষণা দিলেন রাজ্য পুনরুদ্ধারের, ‘আমার ইচ্ছে ছিল এখানে সোনা জিতে অবসরে যাওয়া। ব্রোঞ্জ জিতে আমি অবসর নেব না। আমার মাথায় এখন রিও (২০১৬ অলিম্পিক রিওডি-জেনিরোতে), ওখানে সোনা জিতেই অবসর নেব।’ পরের অলিম্পিকে তাঁর বয়স হবে ৩৪, নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ের পাশাপাশি লড়তে হবে বয়সের সঙ্গেও। জেনিফার কিন্তু লড়াই শুরুর আগেই জানতেন সোনা জিতবেন! বিশ্বাস হচ্ছে না? তাঁর কণ্ঠেই শুনুন, ‘মাঠে নামার আগেই রিক (স্বামী ও কোচ) বলেছিল তুমি আজ জিতবে। আমি আরও শত শত প্রতিযোগিতায় লড়েছি, রিক কখনোই আগে এটা বলেনি। এটাই আমাকে জিততে মরিয়া করে তুলেছিল।’