সোনার ছেলে ইনিয়েস্তা
গোল করা তাঁর কাজ নয়। গোল বানিয়েই আনন্দ পান। কিন্তু বড় মঞ্চে গোল করে আলোটাও কেড়ে নিতে জানেন। গত বিশ্বকাপ ফাইনালে যেমন করেছেন। কিন্তু পরশু গোল পেলেন না আন্দ্রেস ইনিয়েস্তা। এ নিয়ে কোনো আক্ষেপও তাঁর নেই। স্পেনের মাঝমাঠের কারিগর ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন গোল না করেই। টুর্নামেন্টে দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবে জিতেছেন গোল্ডেন বলও।স্পেনের প্রথম তিনটি গোলেই প্রত্যক্ষ বা পরোক্ষ অবদান রাখতে পেরেই খুশি ইনিয়েস্তা, ‘আমার কাছে গোল করাটা গুরুত্বপূর্ণ নয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ও নয়। সব সময়ই এমনটা মনে করি। আমার আনন্দ, আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। কে গোল করল না-করল, তাতে কিছু যায়-আসে না। এমনকি ব্যালন ডি’অর জেতাটাকেও আমি খুব গুরুত্বপূর্ণ ভাবি না। আমি শুধু যা করছি, তা উপভোগ করে যেতে চাই। মানুষ যদি বাহবা দেয়, তাতেই আমি খুশি।’জাতীয় দলের হয়ে মাত্র ছয় বছরের ক্যারিয়ার। এই ছয় বছরে একের পর এক সাফল্যে ভিজেছেন। দুটো ইউরোর পাশাপাশি জিতেছেন একটি বিশ্বকাপ। সাফল্যের সোনাজলে ধোয়া এই সময়টায় স্পেন দলের অন্যতম মেরুদণ্ড হয়েও ছিলেন। ২৮ বছর বয়সী বার্সেলোনা তারকা মনে করেন, ইউরো-বিশ্বকাপ ট্রফির পর আবার ইউরো জিতে এমন এক কীর্তি তাঁরা গড়লেন, যার পুনরাবৃত্তি সম্ভব নয়, ‘এই শিরোপা আবারও জিততে পেরে আমি খুবই খুশি। এটা অনন্য এক অর্জন, এটা জাদুকরি। এটা এমন এক অর্জন, যেটির পুনরাবৃত্তি করা অসম্ভব। এটা যে কত বড় অর্জন, আমরা হয়তো এই মুহূর্তে বুঝে উঠতেই পারছি না।’ এএফপি, রয়টার্স।