সোনার জুতার আরও কাছে মেসি
দলীয় অর্জন তো আছেই। লিওনেল মেসির ব্যক্তিগত অর্জনও অনেক। তাঁর ট্রফি-কেসে কী নেই? ফিফা আর ইউরোপ বর্ষসেরার স্বীকৃতি থেকে শুরু করে চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়, ছোটখাটো আরও প্রায় দুই ডজন ট্রফি থরে থরে সাজানো বার্সেলোনার আর্জেন্টাইন তারকার শোকেসে। তবু একটা শূন্যতা আছে। এখনো যে একটা ইউরোপিয়ান সোনার জুতা সেখানে নেই। যেটা দেওয়া হয় ইউরোপিয়ান লিগে সবচেয়ে বেশি গোল করার কারণে।এবার এই ট্রফিটা পেয়ে যেতে পারেন মেসি। পরশু টেনেরিফের বিপক্ষে জোড়া গোল করে এই ট্রফির আরও এক ধাপ কাছে এসে গেলেন বার্সেলোনার স্ট্রাইকার। স্প্যানিশ লিগে তাঁর গোল ৩১, ম্যাচ খেলেছেন ৩৩টি। আর মৌসুমে বার্সেলোনার পক্ষে করেছেন ৪৪ গোল। এর মধ্যে আছে চ্যাম্পিয়নস লিগের ৮টি গোলও।সব ধরনের প্রতিযোগিতা ধরেন কিংবা লিগ, গোল করার দিক দিয়ে কিন্তু মেসির চেয়ে এগিয়ে আছেন একজন। তিনি ডাচ লিগের আয়াক্স স্ট্রাইকার লুইস সুয়ারেজ। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৭ ম্যাচে ৪৭ গোল করেছেন আয়াক্সের অধিনায়ক। তবে পয়েন্টের দিক থেকে পিছিয়ে আছেন তিনি। প্রতিদ্বন্দ্বিতার ওজন বিচার করে স্প্যানিশ, ইংলিশ, ইতালি কিংবা জার্মানির বুন্দেসলিগার গোলের পয়েন্ট বেশি। এসব লিগে প্রতিটি গোলের জন্য বরাদ্দ থাকে ২ পয়েন্ট। ডাচ লিগের প্রতিটি গোলের জন্য বরাদ্দ ১.৫ পয়েন্ট। তাই স্প্যানিশ লিগে ৩১ গোল করে মেসির পয়েন্ট যেখানে ৬২, ডাচ লিগে ৩৫ ম্যাচে ৩৫ গোল করেও সুয়ারেজের পয়েন্ট সেখানে ৫২.৫।এই প্রতিযোগিতায় মেসি ও সুয়ারেজের পরেই আছেন ইংলিশ লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েইন রুনি, চেলসির দিদিয়ের দ্রগবা এবং ইতালিয়ান সিরি আ’র উদিনেসের আন্তনিও ডি নাতালে। তিনজনেরই ২৬টি করে গোল। পয়েন্টও সমান, ৫২ করে। এর পর আছেন মেসির স্বদেশি সতীর্থ এবং স্প্যানিশ লিগে সবচেয়ে বড় প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের গঞ্জালো হিগুয়েইন। ২৫ গোল করে ৫০ পয়েন্ট তাঁর অর্জন।গত বছর ক্রিস্টিয়ানো রোনালদোকে হারিয়ে ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন মেসি। এবার ছাপিয়ে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রোনালদোর করা ৪২ গোলের কীর্তি। আরও একটি অর্জন হাতছানি দিচ্ছে মেসিকে। সোনার জুতার সঙ্গে একটি ক্লাব রেকর্ডও নিজের করে নিতে পারেন তিনি। ১৯৯৬-৯৭ মৌসুমে বার্সেলোনার হয়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এক মৌসুমে করেছিলেন সর্বোচ্চ ৪৭ গোল। মেসির হাতে আছে আরও দুটি ম্যাচ আর তা থেকে ৪টি গোল পেলেই রোনালদোকে ছাড়িয়ে যেতে পারেন আর্জেন্টাইন জাদুকর। ওয়েবসাইট।