সোনার জুতো নয়, বিশ্বকাপ
‘গোল পেয়ে আমি খুশি। ফুটবলে মাথা ঠান্ডা রাখাটা খুব জরুরি’—গঞ্জালো হিগুয়েইন এ কথা এখন বলতেই পারেন। পরশু দক্ষিণ কোরিয়ার বিপক্ষে করা তাঁর হ্যাটট্রিকটা তো ওই মাথা ঠান্ডা রাখারই উদাহরণ। যা করার সতীর্থরাই করেছেন, বল বানিয়ে দিয়েছেন দারুণভাবে। হিগুয়েইনের কাজ ছিল স্রেফ ঠান্ডা মাথায় সেটা জালে পাঠানো। এই কাজটা তিনি কতটা ভালো পারেন, সেটা তো দেখেছেনই!নিখাদ স্ট্রাইকার বলে গ্যাব্রিয়েল বাতিস্তুতার সঙ্গে তুলনাটা আগে থেকেই হচ্ছিল। পরশুর হ্যাটট্রিকের পর আর্জেন্টিনার সংবাদমাধ্যম তাঁকে সরাসরিই ‘নতুন বাতিস্তুতা’ বলছে। বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বশেষ দুটি হ্যাটট্রিকই ছিল বাতিস্তুতার এবং দুটিই ৯ নম্বর জার্সি গায়ে। বাতিগোলের ‘৯’ এখন হিগুয়েইনের গায়ে। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার স্বপ্ন দেখছেন এই জার্সি গায়েই আর্জেন্টিনার হয়ে বাতিস্তুতার সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দেওয়ার। বিশ্বকাপে ১০ গোলসহ ৭৮ ম্যাচে ৫৬ গোল করেছেন বাতিস্তুতা। আর্জেন্টিনার জার্সি গায়ে হিগুয়েইনের গোল এখন ৭ ম্যাচে ৫টি।তবে এই স্বপ্ন আপাতত পাশে সরিয়ে রেখেছেন। ভাবনাজুড়ে এখন শুধুই বিশ্বকাপ, ‘নিজের গোল নিয়ে ভাবার আগে আপনাকে দল নিয়ে ভাবতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এভাবে জয়ের ধারাটা ধরে রাখা। আজকের (পরশু) মতোই সুযোগগুলো কাজে লাগাতে হবে, যেটা নাইজেরিয়ার বিপক্ষে আমরা খুব একটা পারিনি।’ এই তিন গোলের পর গোল্ডেন বুট জয়েও ফেবারিট ভাবা হচ্ছে হিগুয়েইনকে। তবে ২২ বছর বয়সী স্ট্রাইকারের কাছে সোনার জুতোর আগে দলের শিরোপা জয়টাই গুরুত্বপূর্ণ, ‘আমি একা নই, দলের সবাই দুর্দান্ত খেলেছে। আমরা এখানে বিশ্বকাপ জিততেই এসেছি। আমাদের ফর্মটা আমরা দেখিয়েছি, প্রমাণ করেছি জয়ের সামর্থ্য আমাদের আছে। আমাদের শুধু এভাবেই উন্নতি করে যেতে হবে।’ ওয়েবসাইট।