সোনার ঝলক দেখেও সতর্ক ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ফাইনালে কী হবে? একটা ভবিষ্যদ্বাণী করা যায়—ব্রাজিল করবে ৩ গোল!গ্রুপ পর্বে তিন আর নকআউট পর্বে দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। পাঁচ ম্যাচেই করেছে তিনটি করে গোল। মিসরের সঙ্গে ৩-২, বেলারুশের সঙ্গে ৩-১, নিউজিল্যান্ডের সঙ্গে ৩-০; হন্ডুরাসের সঙ্গে ৩-২-এর পর সর্বশেষ সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-০! কী বলবেন একে? কাকতাল!এই ধারা অব্যাহত থাকলে আগামীকাল মেক্সিকোর পরিকল্পনা থাকতে হবে ৪ গোল করার। সম্ভব? বরং এই ধারাটি বলছে, পরম আরাধ্য ও আকাঙ্ক্ষার অলিম্পিক ফুটবলের সোনাটি এবার জিতেই যাচ্ছে ব্রাজিল। পাঁচ ম্যাচে ১৫ গোল—এই তথ্যই তো বলে দিচ্ছে, কী অপ্রতিরোধ গতিতেই না ছুটছে ব্রাজিল!নিশ্চিতভাবেই আগামীকাল তারাই ফেবারিট। তবে মানো মেনেজেস মেক্সিকোকে খাটো করে দেখতে রাজি নন। কোচ চাইলে দুটি ম্যাচ উদাহরণ হিসেবে এনেও শিষ্যদের সাবধান করে দিতে পারেন। মিসর আর হন্ডুরাস—এই দুই ম্যাচেই ব্রাজিলকে দিতে হয়েছে পরীক্ষা। নয়জনের দল হয়ে পড়া হন্ডুরাস তো দু-দুবার এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত হেরেছে পেনাল্টিতে গোল খেয়ে। আক্রমণে ব্রাজিল যতটা ক্ষুরধার, রক্ষণে মাঝেমধ্যে ততটাই বেহুলার বাসর।আক্রমণে ব্রাজিল দুর্দান্ত। কারণ চেলসিতে নাম লেখানো অস্কার, সান্তোসের তারকা নেইমার আর ইন্টারন্যাসিওনালের লিয়ান্দ্রো দামিয়াও আছেন সেরা ফর্মে। দামিয়াও তো এরই মধ্যে ৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। যদিও ব্রাজিল কোচ বলছেন, ‘কঠিন একটা ফাইনালই হবে বলে মনে হচ্ছে। মেক্সিকো খুব ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। তাদের অনূর্ধ্ব-২৩ দল (মূলত এরাই অলিম্পিকে খেলে) কোপা আমেরিকা আর প্যান আমেরিকা গেমসে খেলেছে। এখানে তো তিনজন বেশি বয়সী অভিজ্ঞ খেলোয়াড়ও পাচ্ছে। এতে ওরা আরও শক্তিশালী হয়ে উঠেছে।’ব্রাজিলের দুই যুগ লাগল অলিম্পিক ফাইনালে উঠতেই। তবে মেনেজেস বলছেন, খেলোয়াড়েরা মাথা ঠান্ডাই রাখছেন, ‘খেলোয়াড়েরা শান্তই আছে। ফাইনাল নিয়ে উত্তেজনায় ভেসে যাচ্ছে না। তবে আমাদের দলকে অবশ্যই অভিনন্দন জানানো উচিত। গত মে মাসে আমরা বলতে গেলে একদম শূন্যতে ছিলাম। এখন বহু পথ পাড়ি দিয়ে আমরাই ফাইনালে। ফাইনালে উঠতে ব্রাজিলকে ২৪ বছর অপেক্ষা করতে হয়েছে। এখান থেকেই বোঝা যায় ফাইনালে ওঠা কতটা কঠিন।’মেনেজেস যা-ই বলুন, ভেতরে ভেতরে নেইমাররা উত্তেজনায় টগবগ করে ফুটছেন। অলিম্পিক সোনার পদক গলায় ঝোলানো কার না স্বপ্ন থাকে! সেই স্বপ্নটা ধরা পড়ল মার্সেলোর কথায়, ‘৯ জুলাইয়ের পর থেকেই আমরা শুধু অলিম্পিক সোনার কথা ভেবেছি। আমরা সোনা চাই, আমাদের সমর্থকেরাও সোনাই চায়। ব্রাজিলের প্রত্যেকেই তা চায়। আমরা সেটা জেতার জন্য ঝাঁপিয়ে পড়ব। নিজেদের দেশের জন্য আমরা সবটুকু উজাড় করে দেব।’ এএফপি।