সোনার হরিণের খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র এক সপ্তাহের ছুটি। আবারও লন্ডনেই ফিরে আসবেন। ফিরে আসবেন নিজের প্রিয় ঘাসের কোর্টে। যে অল ইংল্যান্ড ক্লাবে রেকর্ড গড়া সাত সাতটি গ্র্যান্ড স্লাম জিতেছেন, সেখানেই এবার অধরা আরাধ্য সোনার হরিণের খোঁজে নামবেন রজার ফেদেরার। টেনিসের ভাগ্যদেবী তাঁকে পাত্র উছলিয়া অকাতরে দান করে গেছে। অজস্র রেকর্ড এসে লুটিয়েছে তাঁর পায়ে। কিন্তু প্রত্যেক অ্যাথলেটের আজন্ম যে স্বপ্ন, সেই অলিম্পিক সোনা এখনো ফেদেরারের কাছে দূর আকাশের তারা। উইম্বলডনই এবারের অলিম্পিক টেনিসের ভেন্যু। গত রোববার এখানেই হাতে উঠেছে চকচকে ট্রফিটা। ফেদেরারের আশা, আগামী মাসের শুরুতে এখানেই তাঁর গলায় উঠবে অলিম্পিকের সোনার পদক।গত বেইজিং অলিম্পিকে পুরুষ দ্বৈতে সোনা জিতেছিলেন বটে স্তানিসলাস ওয়ারিঙ্কার সঙ্গে জুটি বেঁধে। কিন্তু টেনিসে কৃতিত্ব মাপা হয় এককের পাল্লায় তুলে। সেই পাল্লায় ব্যর্থ টেনিসের সর্বকালের সফলতম খেলোয়াড়। ২০০০ সিডনি অলিম্পিকে সেমিফাইনালে উঠেছিলেন। এটাই এখন পর্যন্ত অলিম্পিক টেনিসের এককে ফেদেরারের সর্বোচ্চ সাফল্য। ২০০৪ এথেন্স অলিম্পিকে দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়েছিলেন টমাস বার্ডিচের কাছে হেরে। বেইজিং অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে হেরেছেন জেমস ব্লেকের কাছে।আড়াই বছর পর গ্র্যান্ড স্লাম ট্রফি হাতে তোলা ফেদেরার বলেছেন, ‘এখন অলিম্পিক সোনাই আমার স্বপ্ন। উইম্বলডন চ্যাম্পিয়ন হতে পারায় আগামী অলিম্পিককে ঘিরে বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছি। এক দিক দিয়ে আমার ওপর চাপটাও থাকবে না। কারণ, এখানেই আমি এ বছর উইম্বলডন জিতেছি। তবে এবার আমার অলিম্পিক নিয়ে উন্মাদনা অনেক বেশি থাকবে। এই চাপটা আমি সামলাতে পারব বলেই মনে করি। কিন্তু অলিম্পিক সম্পূর্ণ আলাদা একটি ব্যাপার, কারণ এখানে আপনি প্রতি চার বছর পর পর খেলার সুযোগ পান।’এক বছরেই ফেদেরাররা চারটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে খেলার সুযোগ পান। কিন্তু চারটি অলিম্পিকে খেলার সৌভাগ্য তাঁদের অনেকেরই হয় না। ফেদেরারও জানেন, সম্ভবত এটাই তাঁর শেষ সুযোগ। তাই এখানে সব হিসাব মেলাতে হবে সাবধানে, ‘আপনি আশা করবেন ড্রটা যেন আপনার পক্ষে যায়, আশা করবেন ম্যাচগুলো যেন আপনার পক্ষে যায়, ঠিক সময়ে আপনি যেন ঠিক পদক্ষেপটি নেন। অলিম্পিকে সবকিছু ঠিকঠাকমতো হলেই কেবল সোনা জিততে পারবেন।’ এএফপি।