সোনালি অতীতের ব্যতিক্রমী আয়োজন
আয়োজনটা এক দিনের। দেশের আটটি সোনালি অতীত ক্লাবের ফুটবল প্রতিযোগিতা। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ দিনভর এই আয়োজনকে সারা দেশের সোনালি অতীত ক্লাবের মিলনমেলা বলাই ভালো। এক দিনের মাস্টার্স ফুটবল টুর্নামেন্ট ছাপিয়ে আজকের দিনটি দেশের অনেক সাবেক ফুটবলারকে ফিরিয়ে নিচ্ছে সোনালি অতীতে। ‘ক’ গ্রুপে খুলনা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী। ‘খ’ গ্রুপে বরিশাল, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা। প্রতিটি গ্রুপ ম্যাচ ২৫ মিনিট করে। দুই গ্রুপের শীর্ষ দুই দলের ফাইনাল সরাসরি সম্প্রচার করার কথা এটিএন বাংলার।ঢাকা সোনালি অতীত ক্লাব ও নারায়ণগঞ্জ সোনালি অতীত ক্লাব এই মাস্টার্স ফুটবলের যৌথ আয়োজক। কাল এ সম্পর্কে বিশদ জানাতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হাসানুজ্জামান বাবলু, পৃষ্ঠপোষক ডেসটিনি গ্রুপের মহাব্যবস্থাপক সাইফুর রহমান চৌধুরী, আরবি গ্রুপের উপপরিচালক ইকবাল বিন আনোয়ার।