সোনালি দিনের অপেক্ষায় রিচার্ডসন
তাঁকে দেখলে মনে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণযুগের কথা, যখন ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামলে প্রতিপক্ষ ভয়ে কাঁপত। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সেই দিন গত হয়েছে অনেক আগেই। কিন্তু রিচি রিচার্ডসন স্মৃতির আড়ালে চলে যাননি। বাংলাদেশে এসেছেন এবারের ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজার হয়ে। যে ভূমিকাতেই দলের সঙ্গে থাকুন, রিচি রিচার্ডসন দলের জন্য বাড়তি প্রেরণা তো বটেই।আগামীকাল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ লড়াই মিরপুরে। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য ম্যাচটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। রিচার্ডসনও মানছেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’ পরক্ষণেই তাঁর মুখে সংকল্প, ‘হল্যান্ডের বিপক্ষে জেতার পর আমরা জয়ের ধারায় থাকতে চাই।’২০০২ সালের ডিসেম্বরের পর এই প্রথম বাংলাদেশে এল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের কন্ডিশন কতটা কঠিন হতে পারে? মিরপুরে কাল সকালে ওয়েস্ট ইন্ডিজের অনুশীলনের ফাঁকে রিচার্ডসন সাংবাদিকদের বললেন, ‘প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জ, প্রতিটি প্রতিপক্ষই কঠিন। বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশে খেলা কঠিন। তবে আমাদের সামর্থ্য আছে। অবশ্যই আমরা আত্মবিশ্বাসী, আমরা বাংলাদেশকে হারাতে পারি।’ম্যাচটায় ফেবারিট কারা? ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক প্রশ্নটা মনেই আনছেন না, ‘কে ফেবারিট, এটা কোনো ব্যাপার নয়। গুরুত্বপূর্ণ হলো, সামর্থ্য অনুযায়ী খেলা এবং এটা করতে পারলে আমরা বাংলাদেশকে হারাব আশা করি।’ সাবেক এই ক্যারিবীয় ব্যাটসম্যানের অকুণ্ঠ প্রশংসাও পেয়েছে বাংলাদেশ, ‘সাম্প্রতিক বছরগুলোয় নিজেদের ভালো একটা দল হিসেবে প্রমাণ করেছে তারা।’২০০৯ সালে বাংলাদেশের কাছে টেস্ট ও ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল ক্যারিবীয়রা। সেদিক থেকে দেখলে এই ম্যাচ কি ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রতিশোধের নয়? ‘এটা বিশ্বকাপ। আমাদের ভালো খেলতে হবে এবং জিততে হবে। এটা তো জানাই, কোয়ার্টার ফাইনালে উঠতে হলে জয় চাই’—কালকের ম্যাচ নিয়ে রিচার্ডসনের ভাবনাটা পরিষ্কার।প্রথম দুটি বিশ্বকাপ জয়ের পর দীর্ঘ সাফল্যখরা। একসময়ের সেই রাজমুকুটধারীদের এবার সম্ভাবনা কতটুকু? ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসদের পর ক্যারিবীয় ক্রিকেটের হাল ধরা রিচার্ডসন আশাবাদী, ‘বিশ্বকাপ হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়। আমরা দীর্ঘ সময় ধরে বিশ্বকাপ জিতিনি। এবার বিশ্বকাপ জিতে মানুষকে চমকে দিতে পারলে সেটা হবে দারুণ ব্যাপার।’হল্যান্ডের বিপক্ষে ক্যারিবীয় পেসার কেমার রোচ হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়েছেন। পরশু মালিঙ্গা পেলেন বিশ্বকাপে তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। উপমহাদেশের উইকেটে এটা পেসারদের ‘চমক’ বলছেন অনেকে। তবে রিচার্ডসন বলছেন, ‘ভালো খেললে ক্রিকেটে সবকিছুই সম্ভব। আপনি যদি যথেষ্ট ভালো পেসার হন, তাহলে যেকোনো কন্ডিশনেই ভালো করবেন।’১৯৮৩-১৯৯৬ পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে রিচার্ডসন খেলেছেন ৮৬ টেস্ট। ৫৯৪৯ রান, ৪৪.৩৯ গড়। ১৬টি সেঞ্চুরি। ২২৪ ওয়ানডেতে ৬২৪৮ রান। ৫ সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে আক্ষেপ আছে ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া নিয়ে। ওটাই ছিল তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। অস্ট্রেলিয়ার ২০৭/৮ রানের জবাবে একপর্যায়ে ১৬৫/২ থেকে ২০২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ!‘ওই ম্যাচটা অবশ্যই আমাদের জেতা উচিত ছিল। যে জয় ক্যারিবিয়ান ক্রিকেটে দিতে পারত নতুন প্রেরণা’—রিচার্ডসন ফিরে গেলেন পুরোনো দিনে। এবং দিব্যদৃষ্টিতে দেখছেন সেই দিন আবার ফিরে আসছে। ‘সেই দিনগুলো আমি কখনোই ভুলব না। প্রতিটি দলেরই উত্থান-পতন আছে। ক্যারিবীয় ক্রিকেটে সেই উজ্জ্বল দিনগুলো শিগগিরই ফিরবে আশা করি। আমরা এখন সে পথেই আছি’—রিচার্ডসন তাকিয়ে আছেন সামনের দিকে।