সোনালি প্রজন্মের শেষ দেখছেন ক্যাসিয়াস
সেই যে ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল ইউরো জয়ের মধ্য দিয়ে, তারপর যেন থামছেই না স্প্যানিশ ফুটবলের জয়যাত্রা। একের পর এক শিরোপা জিতেই চলেছে লা রোজারা। ফুটবল বিশ্বে নতুন এক রেকর্ডের জন্ম দিয়ে টানা দুটি ইউরো কাপ আর বিশ্বকাপ জিতেছে স্পেন। ফুটবলপ্রেমীরা যে স্পেনের স্বর্ণালি প্রজন্মের খেলাই উপভোগ করছেন, তা বলা যায় কোনো সংশয় ছাড়াই। তবে এরও তো একটা শেষ আছে! মন্তব্যটা অন্য কারও নয়, স্পেনের অধিনায়ক ইকার ক্যাসিয়াসই দেখছেন স্পেনের এই সোনালি প্রজন্মের অবসান। ২০১৪ বিশ্বকাপের পরই স্প্যানিশ ফুটবলের এই স্বর্ণালি যুগের ইতি ঘটবে বলে মন্তব্য করেছেন বিশ্বকাপজয়ী দলের এই অধিনায়ক।স্প্যানিশ ফুটবলের নবজাগরণ শুরু হয়েছিল কার্লোস পুয়োল, জাভি, ক্যাসিয়াস, আন্দ্রেস ইনিয়েস্তা, ডেভিড ভিয়া, ফার্নান্দো তোরেস, সার্জিও রামোস, সেস ফেব্রিগাস, জেরার্ড পিকের মতো প্রতিভাবান খেলোয়াড়দের দিয়ে। তাঁদের অনেকের ক্যারিয়ার এখন অস্তাচলে। ২০১৬ সালের ইউরো আসতে আসতে তাঁদের অনেকেই সম্ভবত থাকবেন না। ক্যাসিয়াস তো সোনালি প্রজন্মের শেষ দেখছেন আরও আগেই, ‘ব্রাজিল বিশ্বকাপের পর আমাদের অনেকেই হয়তো অবসরে যাওয়ার ঘোষণা দিয়ে ফেলবে। জায়গা করে দেবে তরুণ ফুটবলারদের।’স্পেন অধিনায়ক ক্যাসিয়াসের নিজের বয়সই এখন ৩২ বছর। তিনি নিজে আর কত দিন খেলতে পারবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেছেন, ‘আমার মাথা যত দিন কাজ করবে, তত দিনই খেলে যাব। এটা আমার কাছে মানসিক সামর্থ্যের প্রশ্ন।’ ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ক্যাসিয়াসের চুক্তি আছে ২০১৭ সাল পর্যন্ত। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে কি এত দিন দেখা যাবে স্পেনের সফলতম এই অধিনায়ককে? ২০১৮ সালের বিশ্বকাপ তো দূরের কথা, হয়তো পরবর্তী ইউরোতেও স্পেনের গোলপোস্ট সামলাতে দেখা যাবে নতুন কাউকে। একই পরিণতি হতে পারে বর্তমান তারকাদের অনেকেরই। ফলে এবারের ব্রাজিল বিশ্বকাপটাই হবে স্পেনের এই সোনালি প্রজন্মের সাফল্য অর্জনের চূড়ান্ত মঞ্চ। সেই সম্ভাবনার কতটুকু বাস্তবায়ন তাঁরা করতে পারবেন, সেটা দেখার জন্য এখনো পুরো একটি বছর অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের। তবে বিশ্বকাপের মহড়া টুর্নামেন্ট কনফেডারেশনস কাপে তার কিছুটা ইঙ্গিত তো দিতে পারেন ক্যাসিয়াসরা! আইএএনএস।