সোনালি যুগের তৃতীয় রাজা
কিট ব্যাগটা কাঁধে নিয়ে বাড়ি ছাড়েন ১২ বছর আগে। প্রিয় র্যাকেট ব্যাগের মধ্যে র্যাকেটটার সঙ্গে পুরে ফেলেন স্বপ্নও—একদিন পা রাখবেন র্যাঙ্কিংয়ের চূড়ায়, উইম্বলডনের সেন্টার কোর্টে দাঁড়িয়ে উৎসব করবেন ট্রফি হাতে, আরও কত কী! সেই স্বপ্নগুলোর দুটি স্বপ্নই পূরণ হলো মাত্র তিন দিনের ব্যবধানে! স্বপ্নময় এই সময়টায় নোভাক জোকোভিচ দৃঢ়কণ্ঠেই জানিয়ে দিলেন, আর কোনো স্বপ্নই বাকি নেই।গত শুক্রবার সেমিফাইনালে জো-উইলফ্রায়েড সোঙ্গাকে হারিয়ে পূরণ হয় প্রথম স্বপ্ন, রাফায়েল নাদালকে সরিয়ে র্যাঙ্কিংয়ের এক নম্বরে পা রাখা। এক দিন পর রোববারই দ্বিতীয় স্বপ্নটি উঠল হাতের মুঠোয়, ওই নাদালকে হারিয়েই প্রথম সার্বিয়ান হিসেবে জিতলেন উইম্বলডন। আগের বারের চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে নাদালই ফেবারিট ছিলেন। কিন্তু ১০টি গ্র্যান্ড স্লাম বিজয়ী দাঁড়াতেই পারলেন না। ৬-৪, ৬-১, ১-৬, ৬-৩ গেমে জিতে উইম্বলডনের অনার্স বোর্ডে নাম লেখালেন জোকোভিচ। এ বছরে এটা নিয়ে টানা পাঁচটি ফাইনালে জোকোভিচের কাছে হারলেন নাদাল। অন্য অনেক সময়ের মতো টেনিসের এই সময়টাকেও দেখা হচ্ছে ‘সোনালি যুগ’। ফেদেরার, নাদালের সঙ্গে জোকোভিচও এখন নতুন ‘সোনালি প্রজন্মের’ অন্যতম রাজা। ২০০৪ সাল থেকে সর্বশেষ ৩১টি গ্র্যান্ড স্লামের ২৮টি শিরোপাই ফেদেরার, নাদাল আর জোকোভিচের দখলে। এই সময়ে রেকর্ড ১৬ গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার জিতেছেন ১৫টি, নাদাল ১০টি, জোকোভিচ ৩টি। এ বছরে মাত্র একটি ম্যাচই হারা (ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে, ফেদেরারের কাছে) জোকোভিচ অস্ট্রেলিয়া ওপেনের পর জিতলেন উইম্বলডনও। কেড়ে নিলেন ফেদেরার-নাদালের সাত বছরের রাজত্ব। আক্ষরিক অর্থে জোকোভিচ ‘সোনালি প্রজন্মের’ আরেক রাজা।গত ডিসেম্বর থেকে জোকোভিচ ৫১ ম্যাচের ৫০টিই জিতেছেন। এই সময়ে যেন অন্যগ্রহের টেনিস খেলছেন এই সার্বিয়ান। তবে নাদাল মনে করেন, এই জয়ের এই ধারাটা ধরে রাখতে পারবেন না জোকোভিচ। ‘আমার অভিজ্ঞতা বলছে, এই পর্যায়টা চিরকালীন নয়। সম্ভবত নোভাকেরটাও দীর্ঘস্থায়ী নয়’—বলেছেন জোকোভিচের কাছে শীর্ষস্থান হারানো নাদাল। উইম্বলডনের ফাইনালের হারটিকেও নাদাল কঠিন হার বলে মনে করছেন না। এর চেয়ে বরং অস্ট্রেলিয়া ওপেনের হারটাকেই কঠিন মনে হয় তাঁর কাছে। চোট নিয়ে খেলে কোয়ার্টার ফাইনালে হেরেছিলেন স্বদেশি ডেভিড ফেরারের কাছে।তবে কে কী বলল, তাতে কান দিতে জোকোভিচের বয়েই গেছে! স্বপ্নালু সময়টা উপভোগ করেই কেটে যাচ্ছে এই সব দিনরাত্রি। তাঁর দেশ সার্বিয়া এখন উৎসবের নগর। প্রিয় তারকার ফাইনালটি বেলগ্রেডবাসী দেখেছে বড় পর্দায়। ম্যাচ শেষে বেলগ্রেডের রিপাবলিক স্কয়ার যেন হয়ে গিয়েছিল বিয়েবাড়ি! রয়টার্স, এএফপি।