সোনালি যুগের সমাপ্তি
শেষ বাঁশি বাজতেই জায়গায় দাঁড়িয়ে পড়ে একবার আকাশের দিকে চাইলেন তিনি। মাঠের এখানে-ওখানে শুয়ে-বসে কাঁদতে থাকা সতীর্থদের হাত ধরে টেনে তুললেন। প্রতিপক্ষের কোনো কোনো খেলোয়াড়ের বাড়িয়ে দেওয়া হাতে যন্ত্রের মতো হাত মেলালেন। তারপর হনহন করে ড্রেসিংরুমের দিকে হেঁটে চললেন। পেছন থেকে তাঁর শরীরটা দেখা যাচ্ছে টেলিভিশনে। ধারাভাষ্যকার বলছেন, ‘একজন চ্যাম্পিয়ন শেষবারের মতো বিশ্বকাপের মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছে মাথা নিচু করে।’ হ্যাঁ, মাথা নিচু করে বেরিয়ে গেলেন ‘চ্যাম্পিয়ন’ ফ্যাবিও ক্যানাভারো।শুধু ক্যানাভারো নন, জিয়ানলুইজি বুফন, জেনারো গাত্তুসো, আন্দ্রে পিরলো, ড্যানিয়েল ডি রসি—একদল ‘চ্যাম্পিয়ন’ পরশু রাতে মাথা নিচু করে মাঠ ছাড়লেন। যে গ্রুপের কোনো একটি দলেরও বিশ্বকাপ সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা নেই, সেই গ্রুপে কেন ইতালি একটি ম্যাচও জিততে পারে না! এই দায় কার? কেউ দোষ দেবেন স্ট্রাইকারদের, কেউ বলবেন মাঝমাঠে সমস্যা, কেউ বলবেন ‘বুড়ো’ খেলোয়াড়দের দোষ। না, ইতালির এই ‘মার্জনাতীত’ পারফরম্যান্সের জন্য আর কাউকে দোষ দিচ্ছেন না মার্সেলো লিপ্পি। সব দোষ নিজের কাঁধে নিয়ে নিলেন গতবারের বিশ্বকাপজয়ী কোচ, ‘এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলোয়াড়দের পা, মাথা, হূদয় সবকিছু ভয়ে কাঁপছিল। খেলোয়াড়েরা নিজেদের মেলে ধরতে পারল না। তার মানেই হলো, কোচ এই দলটাকে শারীরিক, মানসিক ও কৌশলগতভাবে ঠিকমতো প্রস্তুত করতে পারেনি। তাই সব দায় আমিই নিচ্ছি।’রণক্লান্ত, বিধ্বস্ত ইতালিয়ান শিবিরে এখন সবার দোষ নেওয়ার পালা চলছে। সবার হয়ে যেন কথাটা বললেন ডমেনিকো ক্রিস্তিকো, ‘না, আমার মনে হয় না যে সব দায় কোচের। এটা আমাদের সবার দায়। আমরা খেলোয়াড়েরাই মাঠে নেমেছিলাম, আমরাই পারফরম করতে পারিনি।’সে দায় যারই হোক, শেষ মুহূর্তের একটা গোল হয়তো বাঁচিয়ে দিতে পারত ইতালিকে। কিন্তু মাঠের বাইরে বসে সমানে চিৎকার করতে থাকা জিয়ানলুইজি বুফন বললেন, ‘আমাদের বাড়ি ফিরে যাওয়াই ঠিক আছে। স্লোভাকিয়া ও নিউজিল্যান্ডকে অবশ্যই সম্মান জানাতে হয়। আর এই দলগুলোকে আমরা যেহেতু হারাতে পারিনি, বাড়ি ফিরে যাওয়াটাই আমাদের প্রাপ্য।’দলের তরুণেরা হয়তো ভেঙে পড়েছেন। কিন্তু গতবার যাঁরা চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেই সিনিয়ররা এই কথাটায় পুরোপুরি একমত। পিরলো, জামব্রোত্তাও বলছেন, প্রথম পর্ব থেকে বাদ পড়াটাই পাওনা ছিল তাঁদের। ইনজুরি নিয়েই খেলতে নেমে স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচে সামান্য ঝড় তৈরি করা পিরলো বলছেন, ‘একটা সহজেই পার হয়ে যাওয়ার মতো গ্রুপে আমরা একটা ম্যাচও জিততে পারিনি। এটাই বলে দেয় শুরু থেকেই আমাদের কোথাও একটা সমস্যা ছিল।’ জামব্রোত্তা বলছেন, ‘এই বাদ পড়ায় অনেক কষ্ট আছে। কিন্তু তিন ম্যাচে দুই পয়েন্ট পাওয়া দলের জন্য বাদ পড়াটাই ন্যায্য পাওনা।’ এই বাদ পড়া ইতালিয়ানদের কোথায় নিয়ে যাবে? ইতালিয়ানদের ভবিষ্যৎ কী হবে, সেটা পরের কথা। কিন্তু জেনারো গাত্তুসো বলছেন, খেলোয়াড়েরা অন্তত জাতির কাছে লজ্জার চরিত্রে পরিণত হবেন, ‘আমরা যখন বিশ্বকাপ জিতে ফিরেছিলাম, লোকেরা আমাদের “নাইট অব হার্ডওয়ার্ক” খেতাব দিয়েছিল। এখন তারাই আমাদের “নাইট অব শেম” খেতাব দেবে।’তার পরও সময় থেমে থাকে না। বুফন-ক্যানাভারো-গাত্তুসোদের যুগ শেষ হলো। এখন হয়তো নতুন কোনো দল এসে ইতালিকে আবার স্বপ্ন দেখাবে। সেই আশায় বুক বাঁধার চেষ্টা করছেন বুফন, ‘আমাদের অনেকেরই আরেকটা বিশ্বকাপ খেলা সম্ভব না। তাই বলা যায়, একটা যুগের শেষ হলো।’নতুন যুগটা কে শুরু করবে? এএফপি, ওয়েবসাইট।