সোফিয়ার অন্য রেকর্ড
লন্ডন অলিম্পিকে অন্য রকম একটা রেকর্ড গড়ে ফেললেন সোফিয়া পাডিল্লা। ইকুয়েডরের এই মহিলা শ্যুটার রেকর্ডের পাতায় জায়গা করে নিলেন টুর্নামেন্টের প্রথম প্রতিযোগী হিসেবে বাদ পড়ে। বর্ণাঢ্য উদ্বোধনের পর কাল সকালে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলই ছিল টুর্নামেন্টের প্রথম সোনার ইভেন্ট। সকাল ৮টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ২টা) শুরু হওয়া ইভেন্টে এক ঘণ্টা এলোমেলো লক্ষ্যভেদের পর সবার আগে বিদায় নিশ্চিত হয় ২৩ বছর বয়সী শ্যুটারের।নিজের প্রথম অলিম্পিকে সোফিয়া ৪০০ পয়েন্টের মধ্যে স্কোর করেন ৩৮৬। তবে বাদ পড়লেও আলোকোজ্জ্বল বিশ্বমঞ্চের অংশ হতে পেরেই আপ্লুত সোফিয়া, ‘আমি খুশি। গর্বিতও। অবশ্যই আমার অলিম্পিক শেষ হয়ে যাওয়ায় আমি দুঃখিত। তবে এখানে আসাটা ছিল সুন্দর। আমি লন্ডন দেখলাম এবং আমি লন্ডন শহরটাকে খুবই পছন্দ করি।’ এই এক ইভেন্টের জন্যই লন্ডনে এসেছেন সোফিয়া। তাই রেকর্ড গড়ে বাদ পড়ায় তিনি এখন লন্ডন অলিম্পিকে শুধুই সতীর্থ শ্যুটারদের শুভাকাঙ্ক্ষী দর্শক।সবার আগে বাদ পড়ায় হয়তো সোফিয়াকে নিয়ে আলোচনা হচ্ছে বেশি। তবে আরেকটু হলে স্নেহ রানা সোফিয়াকে টপকে রেকর্ডটা করে ফেলছিলেন প্রায়। বাদ পড়ার দৌড়ে সোফিয়ার সঙ্গে দারুণ লড়াই হয়েছে এই নেপালি শ্যুটারের। উলউইচের ট্রায়ালে সবার নিচে থেকেই প্রতিযোগিতা শেষ করেছেন তাঁরা। ওয়েবসাইট।