সোবার্স, রিচার্ডসদের দলে চান স্যামি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটা হারার পর জয়ের লক্ষ্য নিয়েই টেস্ট সিরিজটা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু গতকাল কিংস্টন টেস্টের চতুর্থ দিনেই ৬২ রানের হার মেনে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের। বল হাতে খুব একটা খারাপ পারফরমেন্স দেখাননি উইন্ডিজ বোলাররা। দুঃখজনক এ হারের জন্য মূলত ব্যাটসম্যানদেরই দায়ী করেছেন অধিনায়ক ড্যারেন স্যামি। আর অবস্থার পরিবর্তনের জন্য গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডসদের মতো সাবেক ব্যাটিং কিংবদন্তিদের আবার মাঠে নামানো ছাড়া কোনো গতি দেখছেন না উইন্ডিজ অধিনায়ক।গতকাল ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে স্যামি কিছুটা শ্লেষ করেই বলেছেন, ‘চূড়ান্ত মুহূর্তগুলোতে আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলতে পারছেন না। উইন্ডিজ ক্রিকেটে গত ১০ বছর ধরেই একই ঘটনা ঘটছে। এখন অবস্থা পরিবর্তনের জন্য গ্যারি সোবার্স, ভিভ রিচার্ডস, ওয়ালকটদের দলে ফিরিয়ে আনাই বোধ হয় সবচেয়ে ভালো উপায়।’ভারতকে ৩০০ রানের মধ্যে বেঁধে ফেলার যে পরিকল্পনা ম্যাচ শুরুর আগে স্যামি করেছিলেন, তা বেশ ভালো মতোই বাস্তবায়ন করেছিলেন তাঁর বোলাররা। দুই ইনিংসেই ভারতকে আটকে দিয়েছিলেন ২৫০ রানের মধ্যে। ব্যাটসম্যানরা আর একটু দায়িত্ব নিয়ে খেললেই ম্যাচটা জিততে পারতেন বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, ‘বোলাররা খুবই ভালো বল করেছে। দুই ইনিংসেই আমরা ভারতকে গুটিয়ে দিয়েছিলাম ২৫০ রানের মধ্যে। ব্যাটসম্যানরা যদি আর একটু ভালো ব্যাটিং করতে পারত, তাহলেই আমরা ম্যাচটা জিততে পারতাম।’২৮ জুন থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ইএসপিএন।