সোবার্স পারেননি, সোহাগ পেরেছেন!
গ্যারি সোবার্স, জ্যাক ক্যালিস পারেননি। আশির দশকের বিখ্যাত চার অলরাউন্ডার ইমরান-বোথাম-কপিল-হ্যাডলিও নন। পারেননি নানা যুগে নানা সময়ে ব্যাটে-বলে ক্রিকেট-দুনিয়া মাতানো ডব্লু জি গ্রেস, উইলফ্রেড রোডস, ফ্রাঙ্ক উলি, জ্যাক হিয়ার্ন, কিথ মিলার, রিচি বোনো, ওয়াসিম আকরাম, ক্রিস কেয়ার্নস বা হালের শেন ওয়াটসনও। ক্রিকেট-আকাশের সাবেক-বর্তমান হাজারো উজ্জ্বল তারা যা পারেননি বা করার সৌভাগ্য হয়নি, সেটাই করে দেখালেন পটুয়াখালীর এক আনকোরা তরুণ। প্রথম শ্রেণীর ক্রিকেটে একই ম্যাচে সেঞ্চুরি আর হ্যাটট্রিক! অসাধারণ অলরাউন্ড কীর্তিতে সোহাগ গাজী জায়গা করে নিয়েছেন রেকর্ড বইয়ের অভিজাত এক পাতায়।২১ বছর বয়সী অফস্পিনারের কীর্তিটা কত বিরল, সেটা বোঝাতে একটা তথ্যই যথেষ্ট—প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রায় আড়াই শ বছরের ইতিহাসে আগে এই কীর্তি ছিল মাত্র ১২ বার! এই উপমহাদেশের কেবল একজনই আছেন সেই তালিকায়, সাবেক ভারতীয় অলরাউন্ডার বিজয় মার্চেন্ট। সেটাও সেই ১৯৪৬-৪৭ মৌসুমে।খুলনায় স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটায় সোহাগ সেঞ্চুরি করেছেন প্রথম ইনিংসে। যখন উইকেটে গিয়েছিলেন, ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপছিল বরিশাল। পাল্টা আক্রমণে ১১৭ করলেন মাত্র ৯৩ বলে। এরপর বল হাতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৭৯ রানে ৭ উইকেট। শেষ তিন উইকেট এসেছে টানা তিন বলে। কট বিহাইন্ড তাপস ঘোষ, রুবেল হোসেন ক্যাচ দিয়েছেন শাহরিয়ার নাফীসকে আর শেষ ব্যাটসম্যান আল আমিন স্টাম্পড। কত বড় এক কীর্তি গড়ে ফেলেছেন, সোহাগ নিজেও এখনো বুঝে উঠতে পারছেন না। ইতিহাস গড়ার কথা তুলতেই বললেন, ‘ভালো লাগছে, তবে দল জিতলে আরও বেশি ভালো লাগত। আর হ্যাটট্রিক তো আমি গত বছরও একাডেমি দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েও করেছি। সেবারও ৭ উইকেট পেয়েছিলাম, ম্যাচে ছিল ১১ উইকেট।’ ক্রিকেট ইতিহাসে হ্যাটট্রিক করা বোলারের সংখ্যা কম নয়। সেঞ্চুরি করেছেন তো কতশত ব্যাটসম্যান। কিন্তু এই দুটো একই সঙ্গে, একই ম্যাচে! শুধু দারুণ পারফরম্যান্সই যথেষ্ট নয়, ভাগ্যটাকেও পাশে পাওয়া জরুরি। কীর্তিটা কত বিরল, আগেই বলা হয়েছে। সোহাগও হয়তো অভাবনীয় কীর্তিটা বুঝতে পারবেন কিছুটা ধাতস্থ হওয়ার পর। সোবার্স-ইমরানরাও এমন কিছু করতে পারেননি জেনে এখনো আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ না-পাওয়া এই তরুণ স্রেফ মৃদু হাসলেন!একই ম্যাচে হ্যাটট্রিক ও সেঞ্চুরি করা যে সম্ভব, প্রথম দেখিয়েছিলেন জর্জ গিফেন। ১৮৮৪ সালের ইংল্যান্ড সফরের লাঙ্কাশায়ারের বিপক্ষে ১১৩ রান করার পর ৫৫ রানে ৬ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। আর সোহাগের আগে সর্বশেষ দেখিয়েছিলেন কিউই অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন, ২০০৯ কাউন্টিতে গ্লস্টারশায়ারের হয়ে। সোহাগ ও ফ্রাঙ্কলিন ছাড়া গত ৩০ বছরে এই কীর্তি আছে শুধু আর একজনেরই—কেভান জেমস। ১৯৯৬ সালে সফরকারী ভারতের বিপক্ষে সেঞ্চুরি করার পর হ্যাম্পশায়ার অলরাউন্ডার টানা চার বলে আউট করেছিলেন বিক্রম রাঠোর, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার ও সঞ্জয় মাঞ্জরেকারকে! আলাদা করে বলা যায়, আরও দুজনের কথা। হ্যাটট্রিকের পাশাপাশি ডাবল সেঞ্চুরি আছে কেবল সারের উইলিয়াম রোলারের। আর দু-দুবার একই ম্যাচে সেঞ্চুরি ও হ্যাটট্রিক করেছেন কেবল মাইক প্রোক্টর।সোহাগ গত জাতীয় লিগেও সেঞ্চুরি করেছিলেন একটি। কদিন আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারতের শাফি দারাশাহ টুর্নামেন্টে এক ম্যাচে পেয়েছিলেন আবার ১১ উইকেট। এরপর এই কীর্তি, সবকিছুই ইঙ্গিত দিচ্ছে উজ্জ্বল এক ভবিষ্যতের। সোহাগও স্বপ্ন দেখছেন, ‘ব্যাটে-বলে দারুণ কিছু করার লক্ষ্য নিয়ে এবারের লিগে নেমেছি। আশা করি পরিপূর্ণ এক অলরাউন্ডার হতে পারব, বাংলাদেশ দলে খেলতে পারব অনেক দিন।’