সোবার্সের চেয়েও এগিয়ে ক্যালিস!
অনেকের মতেই সর্বকালের সেরা ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স। সর্বকালের সেরা অলরাউন্ডারের স্বীকৃতি নিয়ে তো প্রশ্নই ওঠে না। নিউজিল্যান্ডের সাবেক উইকেটকিপার অ্যাডাম প্যারোরে অবশ্য মনে করেন, সোবার্স নন, সর্বকালের সেরা অলরাউন্ডারের নাম জ্যাক ক্যালিস!প্যারোরে নিজের ধারণার পক্ষে যুক্তিও দেখিয়েছেন। দক্ষিণ আফ্রিকা দল এখন নিউজিল্যান্ডে। ‘উইকএন্ড হেরাল্ড’-এ সাপ্তাহিক কলামের বিষয় বেছে নিয়েছেন তাই এটিই। ক্যালিসকে বেছে নেওয়ায় প্যারোরের যুক্তি, ‘ওকে (ক্যালিস) নিয়ে আমার ধারণাটা বলব শুরু থেকেই—আমার মতে ও-ই সর্বকালের সেরা অলরাউন্ডার। তার মানে অবশ্যই ক্যালিস কিংবদন্তি ক্যারিবিয়ান গ্যারি সোবার্সের ওপরে, অনেকের কাছে যা মনে হতে পারে ভ্রষ্টাচারের মতো। বিভিন্ন যুগের খেলোয়াড়দের তুলনা করায় আমি খুব উৎসাহী নই। তবে ক্যালিসের ক্ষেত্রে আমি লোভ সামলাতে পারছি না। জীবনের জন্য কোনো এক অলরাউন্ডারকে বেছে নিতে বললে আমি ক্যালিসকেই বেছে নেব। সোবার্স খেলেছেন অনেক জাদুকরি ও রোমান্টিক একটা সময়ে। কিন্তু ক্যালিস অনেক বেশি চাহিদার সময়ে আরও অনেক বেশি ম্যাচ ধরে সোবার্সের মতোই কিংবা আরও ভালোভাবে পারফর্ম করেছে।’প্যারোরের ধারণা দৃঢ় হয়েছে নিজের অভিজ্ঞতা থেকেই, ‘আমার ক্যারিয়ারে ক্যালিসকে আমি অনেক দেখেছি। আরও নির্দিষ্ট করে বললে, স্টাম্পের পেছন থেকে আমি ক্যালিসকে অনেক দেখেছি। আমাদের বিপক্ষে ও প্রচুর রান করেছে।’ ওয়েবসাইট।