সোমার ফেরা, জাভেদের চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেডারেশন কাপে ফিরেই চ্যাম্পিয়ন সোমা (বাঁয়ে), প্রথম শিরোপা হাতে তরুণ জাভেদ। কাল পল্টন উডেনফ্লোরে l ছবি: সৌজন্য
ফেডারেশন কাপে ফিরেই চ্যাম্পিয়ন সোমা (বাঁয়ে), প্রথম শিরোপা হাতে তরুণ জাভেদ। কাল পল্টন উডেনফ্লোরে l ছবি: সৌজন্য

ছেলে আবু সুফিয়ানকে পাশে বসিয়ে খেলা দেখছিলেন মোহাম্মদ আলী। বাবা-ছেলে দুজনই সমানে উৎসাহ দিয়ে গেলেন সোনম সুলতানা সোমাকে। খেলা শেষে দৌড়ে এসে ছেলের সঙ্গেই আগে হাত মেলালেন আবাহনীর খেলোয়াড়। ফেডারেশন কাপ টেবিল টেনিসে মেয়েদের এককের চ্যাম্পিয়ন সোমার স্নিগ্ধ হাসিটা মুহূর্তেই ছড়িয়ে গেল পরিবারের অন্য দুই সদস্যের মুখে।
প্রায় চার বছর টিটি থেকে দূরে ছিলেন সোমা। মাঝখানে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন, এরপর দ্বিতীয় ছেলের জন্মের জন্য বিরতি পড়েছিল খেলায়। কিন্তু গত জানুয়ারিতে র্যা ঙ্কিং টুর্নামেন্টে ফিরেই হয়েছিলেন চ্যাম্পিয়ন। সেই ধারাবাহিকতা ধরে রেখে কালও দুর্দান্ত খেলেছেন। ফাইনালে সেনাবাহিনীর রাহিমা আক্তারকে ৪-১ সেটে হারিয়েছেন। এর মধ্যে প্রথম তিন সেট টানা জিতে বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন রাহিমাকে দাঁড়াতেই দেননি। চতুর্থ সেট অবশ্য রাহিমা জিতে খেলায় ফেরার আভাস দিচ্ছিলেন। কিন্তু পরের সেটটি ১১-৪ পয়েন্টে জিতে চ্যাম্পিয়ন ট্রফিটা সোমাই তুলে নেন হাতে।
সোমার খেলা থাকলেই সব ফেলে টিটি কোর্টে ছুটে আসে ছেলে সুফিয়ান। রাজধানীর বিসিএসআইআর স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র সুফিয়ানকে দেখিয়ে সোমা বললেন, ‘আমার জন্য ও খুবই লাকি। ও কোর্টের পাশে থাকলেই জিতি।’ স্বামী মোহাম্মদ আলী কোচ, তাই অনুশীলনটা সহজ হয়েছে সোমার জন্য, ‘এই টুর্নামেন্টের আগে স্বামীর কাছে মাসখানেকের মতো অনুশীলন করেছি। তবে ফেডারেশন কাপটা আমার জন্য চ্যালেঞ্জের ছিল। শেষ পর্যন্ত জিততে পেরেছি বলে ভালো লাগছে।’
সর্বশেষ ফেডারেশন কাপ জিতেছিলেন চার বছর আগে। জাতীয় চ্যাম্পিয়নও হয়েছিলেন ২০১৩ সালে। এবার জাতীয় চ্যাম্পিয়নশিপ নিয়ে সোমার স্বপ্নটা আরও বড়, ‘জাতীয় চ্যাম্পিয়নশিপে একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতে শিরোপা জিততে চাই।’
মহিলা এককে সেই চেনা মুখ। অথচ পুরুষ বিভাগে ঘটেছে অঘটন! টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও বর্তমান চ্যাম্পিয়ন মাহবুব বিল্লাহ হেরেছেন গ্রুপ পর্বে, সাবেক জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরী বিদায় সেমিফাইনালে। সবাইকে চমকে দিয়ে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন জাভেদ আহমেদ। ফাইনালে কাল ৪-২ সেটে জাভেদ হারিয়েছেন মাসুদ রানা পরাগকে। নড়াইলের এই তরুণের জাতীয় পর্যায়ে এটাই প্রথম সাফল্য। ক্যারিয়ারের প্রথম ফেড কাপ জিতে ভীষণ উচ্ছ্বসিত জাভেদ; কিছুটা অবাকও হয়েছেন, ‘ভাবতেই পারিনি মাহবুব ভাই, মানস ভাইদের টপকে চ্যাম্পিয়ন হব। এই জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’