সোলদাদোর হ্যাটট্রিকে স্পেনের বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় পাঁচ বছর পর স্পেনের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন রবার্তো সোলদাদো। সেটাও আবার দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে। তবে দীর্ঘদিন পর মাঠে নেমে যে রকম পারফরমেন্স দেখিয়েছেন, তাতে নিশ্চয়ই ভবিষ্যতে দলে নিজের একটা পাকাপোক্ত আসন করে নিতে পারবেন ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার। গতকাল ভেনেজুয়েলার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হ্যাটট্রিকই করে ফেলেছেন সোলদাদো। তাঁর এই হ্যাটট্রিকের সুবাদে ৫-০ গোলের বড় ব্যবধানের জয়ও পেয়েছে লা রোজারা। বাকি দুটি গোল এসেছে আন্দ্রেস ইনিয়েস্তা ও ডেভিড সিলভার পা থেকে।গতকাল লা রোজালেদা স্টেডিয়ামে বেশির ভাগ সময়ই বল নিজেদের দখলেই রেখেছিল স্পেন। প্রথমার্ধের ৩৭ মিনিটে প্রথম গোলটি করেন ইনিয়েস্তা। কয়েক মিনিট পরে ভেনেজুয়েলার জালে দ্বিতীয়বারের মতো বল জড়ান ডেভিড সিলভা। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্প্যানিয়ার্ডরা। দ্বিতীয়ার্ধে ফার্নান্দো লরেন্তের বদলি হিসেবে মাঠে নেমেই নিজের যোগ্যতার প্রমাণ রাখতে শুরু করেন ররার্তো সোলদাদো। ৫০ ও ৫৩ মিনিটে দুটি গোল করে স্পেনের জয় নিশ্চিত করে ফেলেন দীর্ঘদিন দলের বাইরে থাকা এই স্ট্রাইকার। ৮৪ মিনিটে ভেনেজুয়েলার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে নিজের হ্যাটট্রিকও পূর্ণ করে ফেলেন তিনি।তবে তার পরও হয়তো কিছুটা আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছেন সোলদাদো। কারণ, ৬৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে নিজের গোলসংখ্যাটা বাড়ানোর মোক্ষম সুযোগটি নষ্ট করেছেন তিনি। তবে তারপরও যে অভিনবত্ব তিনি দেখিয়েছেন, তাতে ইউরো-২০১২-এর স্পেন দলে হয়তো জায়গা হয়েও যেতে পারে তার। এখনো অবশ্য এ ব্যাপারে স্পষ্ট করে কোন সবুজ সংকেত দেখাননি স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘সোলদাদো আজ যেরকম খেলেছে, সেটা আমরা নিষ্ঠার সঙ্গে বিবেচনা করব। চূড়ান্ত দল ঘোষণার জন্য আমরা এখনো দুই মাস সময় পাচ্ছি। এর মধ্যে আমরা সবার অবস্থা পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেব।’ রয়টার্স