খেলা শেষ হওয়ার মাত্র ছয় মিনিট বাকি। এ সময় যে খেলোয়াড়কে নামানো হয়, তাঁর কাছে কোনো জাদুমন্ত্রের আশা থাকে না। এটি মূলত কৌশলগত পরিবর্তন। পরশু ৮৪ মিনিটে বুকে ক্রুশ এঁকে মাঠে নামার সময় ইমানল আইরেজচে নিজেই তো জানতেন না যে তাঁর নাম উঠতে যাচ্ছে ইতিহাসের পাতায়!এবার বার্সেলোনাকে কেউ হারাতে পারছিল না। লিগে ১৯ প্রতিপক্ষের সবার সঙ্গে এক দফা খেলেও বার্সা হারেনি। ১৯ ম্যাচের মাত্র একটিতে ড্র। লিগের অর্ধেকটায় এসে বার্সার নামের পাশে তাই ছিল ৫৫, যেটা লা লিগার ইতিহাসে একটি রেকর্ড। এই অর্জন এতটাই অবিশ্বাস্য যে বাজি ধরতেই পারেন, অনেক দিন টিকে থাকবে। কে জানে, হয়তো কখনো ভাঙবেই না। কল্পনা করুন, আজি হতে শতবর্ষ পরে কেউ যদি খোঁজ নিতে চাই, অপ্রতিরোধ্য সেই বার্সাকে কে হারাল? কার গোলে হারল? উঠে আসবে আইরেজচের নাম!যোগ করা সময়ের প্রথম মিনিটে আইরেজচের গোলে অবশেষে ভুলতে বসা পরাজয়ের স্বাদ পেল বার্সা। লা লিগায় গত বছরের এপ্রিলের পর এই প্রথম কোনো ম্যাচে হারল তারা। অথচ ম্যাচের শুরু দেখে বার্সার আরও একটা জয়ই মনে হচ্ছিল অবধারিত। এই রিয়াল সোসিয়েদাদকেই লিগের প্রথম ম্যাচে ৫-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছিল টিটো ভিলানোভার দল। ২৫ মিনিটে ২-০ করা, আরও গোটা দুই শট সোসিয়েদাদের পোস্টে লেগে ফিরে আসার পর মনে হচ্ছিল, ফিরতি ম্যাচটাতেও বড় জয়ই পেতে যাচ্ছে বার্সা। সপ্তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়ে লিওনেল মেসি ছুঁয়ে ফেলেন লিগে টানা দশ ম্যাচে গোল করা ব্রাজিল কিংবদন্তি রোনালদোর রেকর্ড। ২-০ করেন পেদ্রো। এই পেদ্রো আর মেসির একটি করে শট পোস্টে লেগে ফিরে আসে। প্রথমার্ধের শেষে দারুণভাবে ম্যাচে ফেরে সোসিয়েদাদও।প্রথমার্ধের শেষে এবং দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটে দুটি গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান গঞ্জালো কাস্ত্রো। প্রথমার্ধের শেষে সোসিয়েদাদ সেই যে লাগামটা হাতে নিল, এরপর আর বার্সাকে ফিরতেই দিল না ছন্দে। ৫৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে জেরার্ড পিকের মাঠ ছাড়া যেন ‘ডমিনো ইফেক্টের’ মতো হয়ে গেল। রক্ষণে শক্তি বাড়াতে মাঝমাঠে ছাড় দিয়ে হাভিয়ের মাচেরানোকে নামায় বার্সা। সেই মাচেরানোর পায়ে লেগে দিক পাল্টে বল ঢুকে যায় জালে। এরপর তো যোগ করা সময়ে লম্বা ক্রস থেকে আইরেজচের সেই পা ছুঁয়ে দেওয়া গোল। ম্যাচ শেষে বাঁশি বাজার পর নীল জার্সির উৎসবের ঢেউ। নীল তখন উৎসবের রং। আর বিষাদের রং কমলা! এএফপি।