সোসিয়েদাদের ওপর রাগ ঝাড়ল রিয়াল
পর পর দুই ম্যাচে ড্র। আগের ম্যাচে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত পছন্দ না হওয়া। বার্সেলোনার সঙ্গে ব্যবধানটি কমে স্বস্তির নিঃশ্বাস দূরত্বে চলে আসা। কিছুদিন ধরে রিয়াল মাদ্রিদের মনে ক্ষোভের যে আগুন জমা হয়েছিল, সেটিরই যেন বিস্ফোরণ হলো পরশু। আর সেই আগুনে পুড়ল রিয়াল সোসিয়েদাদ। ক্রিস্টিয়ানো রোনালদো আর করিম বেনজেমার জোড়া গোলের সঙ্গে গঞ্জালো হিগুয়েইনের গোল মিলে সোসিয়েদাদকে ৫-১ গোলে উড়িয়ে দিল রিয়াল। প্রথম ম্যাচে মায়োর্কাকে ২-০ গোলে হারিয়ে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে এনেছিল বার্সা। ২৫ মিনিটে লিওনেল মেসির ‘অদ্ভুত গোল’ এগিয়ে দিয়েছিল পেপ গার্দিওলার দলকে। তাঁর ফ্রি-কিকটি বক্সে একটি ড্রপ খেয়ে লাফিয়ে ঢোকে জালে। প্রথমে মনে হয়েছিল, অ্যালেক্সিস সানচেজের মাথা ছুঁয়েই বুঝি বল ঢুকেছে। কিন্তু পরে রিপ্লে দেখে গোলটি দেওয়া হয় মেসির নামেই। ৭৯ মিনিটে মেসিরই শর্ট ডান পোস্টে লেগে ফিরে আসার পর সেটিকে জালে পাঠিয়ে দেন জেরার্ড পিকে। পিকের গোলটি বার্সার বুক থেকে পাষাণভার নামিয়ে দেয়। ৫৬ মিনিটে বল হাতে না লাগিয়েও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন থিয়াগো। ১০ জনের দল হয়ে পড়া বার্সার ওপর চেপে বসেছিল মায়োর্কা। শেষ পর্যন্ত দ্বিতীয় গোলটির পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন গার্দিওলা। উল্টো ভাবা হয়েছিল বার্সার জয়ের ফলে রিয়ালই মানসিকভাবে চাপে থাকবে। কিন্তু সব চাপ-টাপ উড়িয়ে দিয়ে পয়েন্টের ব্যবধান আবার ছয়ে নিয়ে গেল হোসে মরিনহোর দল।মরিনহো নিজে এদিন ডাগআউটে থাকতে পারেননি আগের ম্যাচে বহিষ্কৃত হওয়ায়। রিয়াল আবেদন করায় সার্জিও রামোসের লাল কার্ডের নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। কিন্তু ওই ম্যাচে রেফারিকে শাপ-শাপান্ত করায় নিষিদ্ধ হয়েছেন পেপে। আগের ম্যাচে লাল কার্ড দেখা মেসুত ওজিলও এদিন খেলতে পারেননি। মরিনহোর প্রধান সহকারী আইতর কারাঙ্কা ছিলেন পূর্ণ দায়িত্বে। এদিন অনেক আক্রমণাত্মক দলও সাজিয়েছিলেন। সাধারণত বেনজেমার বদলি হিসেবে নামেন হিগুয়েইন। কিন্তু শুরু থেকেই খেলেছেন দুই স্ট্রাইকার। আক্রমণভাগে ছিলেন রোনালদো আর কাকাও। ষষ্ঠ মিনিটে হিগুয়েইনের গোলে শুরুটা করেছিল রিয়াল। ৩২ আর ৫৬ মিনিটে জোড়া গোল করে লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসিকে ধরে ফেলেছেন রোনালদো। দুজনের গোলই এখন ৩৫টি। ৪০ আর ৪৯ মিনিটে দুটো গোল করেন বেনজেমা। ওয়েবসাইট।