সোহরাওয়ার্দী-জটিলতার অবসান হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত সিদ্ধান্ত একটা নিয়েছে সিসিডিএম। কিন্তু কালই সেটা প্রকাশ না করে সব দায়দায়িত্ব তারা ছেড়ে দিয়েছে বিসিবির শৃঙ্খলা কমিটির হাতে। প্রিমিয়ার লিগের মোহাম্মদ সোহরাওয়ার্দী জটিলতার নিরসন এখন শৃঙ্খলা কমিটিই করবে।
গত ৭ নভেম্বর আবাহনীর বিপক্ষে ম্যাচে ‘অশোভন’ আচরণের অভিযোগে এক ম্যাচ বহিষ্কার ও ২০ হাজার টাকা জরিমানা করা হয় ব্রাদার্সের সোহরাওয়ার্দীকে। তার পরও শেখ জামালের বিপক্ষে পরের ম্যাচে খেলেন এই বাঁহাতি স্পিনার। ম্যাচে হারলেও খেলা শেষে শেখ জামাল সোহরাওয়ার্দীর খেলা নিয়ে প্রশ্ন তুলে পূর্ণ পয়েন্ট দাবি করে। সেটারই পরিপ্রেক্ষিতে আবাহনী-ব্রাদার্স ম্যাচের ম্যাচ রেফারি ওবায়দুল হক, সোহরাওয়ার্দী, ব্রাদার্স কর্মকর্তা আমিন খান ও আম্পায়ার্স কমিটির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে সিসিডিএম।
যত দূর শোনা যাচ্ছে, বহিষ্কৃত খেলোয়াড়কে খেলানোর অপরাধে ব্রাদার্সকেই অভিযুক্ত করার পক্ষে সিসিডিএম। তবে কাল সভা শেষে সিসিডিএমের ভাইস চেয়ারম্যান নাজমুল করিম এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য না করে বলেছেন, ‘আমরা সব পক্ষের সঙ্গে কথা বলেছি। এখন আমাদের মতামত আমরা বিসিবির শৃঙ্খলা কমিটির বরাবর পাঠাব। চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবে। আগামী বৃহস্পতিবারই (কাল) হয়তো এ ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যাবে।’
নাজমুল করিম মন্তব্য করতে না চাইলেও জানা গেছে, এই ঘটনার পেছনে ম্যাচ রেফারির গাফিলতিকেই মূল কারণ বলে মনে করে সিসিডিএম। আবাহনীর বিপক্ষে ম্যাচ শেষে সোহরাওয়ার্দীর শুনানি করলেও শুনানি শেষে কী শাস্তি দেওয়া হলো, তিনি সেটা সোহরাওয়ার্দীকে জানাননি। ব্রাদার্সের দাবি, সিদ্ধান্তটা জানানো হয়নি তাদেরও। সোহরাওয়ার্দী ব্যাপারটা জেনেছেন ৯ নভেম্বর শেখ জামালের বিপক্ষে খেলার মাঝামাঝি সময়ে।
আগামীকাল লিগের প্রথম পর্বের শেষ ম্যাচ শেষে সন্ধ্যায় সুপার লিগের ছয় দল নিয়ে সভায় বসবে সিসিডিএম। সোহরাওয়ার্দী জটিলতার নিরসন হবে তার আগেই। বাকি পাঁচ দলের সঙ্গে সুপার লিগে ব্রাদার্স খেলবে, না শেখ জামাল, সেটাও যে নির্ভর করছে এই সিদ্ধান্তের ওপরই!