সোহরাওয়ার্দীর ৬ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচই খেলেছিলেন, পাকিস্তানের বিপক্ষে ১ ওভারে ১২ রান দেওয়ার পর আর বোলিং পাননি। কাল বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে নেমেই আবার নিজেকে ফিরে পেলেন সোহরাওয়ার্দী শুভ। ড্যারেন ব্রাভোর সেঞ্চুরির পরও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে ২৮৫ রানে থামিয়ে দিয়েছে সোহরাওয়ার্দীর ৬ উইকেট। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে রানআউট হয়েছেন শাহরিয়ার নাফীস। ওই একটি উইকেটই হারিয়ে বাংলাদেশ ‘এ’ করেছে ২২ রান।মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ ৬০ রানের মধ্যে হারায় ডেভন স্মিথ ও কার্ক এডওয়ার্ডসকে (১১)। ত্রিপক্ষীয় সিরিজের সেরা খেলোয়াড় ড্যারেন ব্রাভোকে নিয়ে এর পর ১৪২ রানের জুটি গড়েন অধিনায়ক ট্রাভিন ডাওলিন। ৭৫ রান করে ডাওলিনের বিদায়ের পর ৩৮ রানের ছোট্ট একটা জুটি গড়েন দুই বাঁহাতি ব্রাভো-ন্যাশ। এর পরই ধস, ৪১ রানে শেষ ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ।’ দুই অঙ্ক ছুঁতে পারেননি তাদের শেষ ৬ ব্যাটসম্যানের কেউ। ব্রাভোর ১০২ রানের ইনিংসে আছে ১২টি চার, একটি ছয়। ৩২ ওভার বোলিং করে ৬ উইকেট নিয়েছেন সোহরাওয়ার্দী।সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ‘এ’: ৮১ ওভারে ২৮৫ (ব্রাভো ১০২, ডাওলিন ৭৫, ন্যাশ ৪৪, স্মিথ ৩০; সোহরাওয়ার্দী ৬/১২৪, মাহমুদুল ২/৫৩, রাসেল ১/১৫, নূর ১/৩৮)। বাংলাদেশ ‘এ’: ৭ ওভারে ২২/১ (শাহরিয়ার ৩, নাজিমউদ্দিন ১৬*, আইয়ুব ২*)।