প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক টেস্টে দুই ইনিংসে ৯ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের মতোই অভিষেক হয়েছিল সোহাগ গাজীর। তবে ওখানেই শেষ নয়। তাঁর স্বপ্নযাত্রা চলছেই। টেস্টের পর ওয়ানডেতেও হলো রঙিন অভিষেক। ২৯ রানে ৪ উইকেট নিয়ে গড়ে ফেললেন নতুন বাংলাদেশি রেকর্ড। ওয়ানডে অভিষেকে কোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং। টেস্টের পর দেশের হয়ে ওয়ানডে অভিষেকেও সেরা বোলিংয়ের রেকর্ড, ক্রিকেট ইতিহাসেই যেটা অনন্য। খুলনার প্রথম ওয়ানডেতে কাল ম্যাচ অ্যাজুডিকেটরদের ম্যান অব দ্য ম্যাচ বেছে নিতে সমস্যায় পড়তে হয়নি। ক্যারিয়ারের তৃতীয় আন্তর্জাতিক ম্যাচে এসেই প্রথম ম্যাচসেরার পুরস্কার হাতে তুললেন ২১ বছর বয়সী তরুণ। এর আগে প্রথম শ্রেণীর ম্যাচে দুবার ম্যাচসেরা হয়েছেন অলরাউন্ড নৈপুণ্যের জন্য। দুটোই জাতীয় লিগে বরিশালের হয়ে।