সোহাগ গাজীর সঙ্গে পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ
জাতীয় ক্রিকেট দলের ইতিহাস সৃষ্টিকারী খেলোয়াড় সোহাগ গাজীর সঙ্গে রূপনগর থানার কয়েকজন পুলিশ দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, বিকেলে মিরপুরে শিয়ালবাড়ি এলাকায় সড়কে পুলিশের গাড়িকে পাশ না দেওয়ায় রূপনগর থানার কয়েকজন পুলিশ কর্মকর্তা সোহাগ গাজীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় একজন পুলিশ কর্মকর্তা তাঁর সঙ্গে দুর্ব্যবহারও করেন বলে অভিযোগ পাওয়া যায়।
সোহাগ গাজী প্রথম আলোকে বলেন, তিনি শিয়ালবাড়ি এলাকায় বাসার গ্যারেজ থেকে গাড়ি বের করে সবেমাত্র বাসার সামনে থাকা সরু গলিতে নেমেছেন। এ সময় পিছন দিক থেকে একটি পুলিশের গাড়ি এসে হর্ন দিতে থাকে। সরু গলি বলে পুলিশের গাড়িকে পাশ দেওয়াও কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু পাশ দিতে দেরি হওয়ায় ওই পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্য তাঁর চালকের উপর ক্ষিপ্ত হয়ে বকাঝকা করতে থাকেন। এতে বাধা দিলে পুলিশ তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করেন।
যোগাযোগ করা হলে মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘শুনেছি বাসার সামনে সোহাগ গাজীর ভাইয়ের গাড়ি পার্কিং করা ছিল। ওই সময় পুলিশের গাড়িকে পাশ দেওয়া না দেওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। পুলিশ কর্মকর্তার দুর্ব্যবহারের বিষয়ে অবশ্য কেউ অভিযোগ করেননি।’ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।